ভারতের মধ্য ও উত্তরাঞ্চল এবং তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত লঘুচাপ ও উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের পাঁচ জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস রয়েছে। সেই সঙ্গে পাঁচটি জেলায় কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলাকে ভূমিধসের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর।
বৃহস্পতিবার (১০ জুলাই) রাত ৯টায় প্রকাশিত ভূমিধসের বিশেষ সতর্কবার্তায় জানানো হয়, ১১ জুলাই থেকে ১২ জুলাই ২০২৬ পর্যন্ত কক্সবাজার, বান্দরবান, চট্টগ্রাম, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের গাণিতিক মডেলের পূর্বাভাস অনুযায়ী, এ সময়ে উল্লিখিত জেলাগুলোতে মোট বৃষ্টিপাতের পরিমাণ প্রায় ১০০ থেকে ৩০০ মিলিমিটার পর্যন্ত হতে পারে।
এদিকে গত ২৪ ঘণ্টায় (১০ জুলাই সন্ধ্যা ৬টা পর্যন্ত) সর্বোচ্চ বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। চট্টগ্রামে ১১৯ মিলিমিটার, বান্দরবানে ১০৫ মিলিমিটার, কক্সবাজারে ৫৬ মিলিমিটার।
অবিরাম ভারী বৃষ্টির কারণে কক্সবাজার, চট্টগ্রাম, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি জেলাকে ভূমিধসের উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকা হিসেবে চিহ্নিত করেছে আবহাওয়া অধিদপ্তর।
সংশ্লিষ্ট এলাকায় বসবাসকারী জনগণকে সতর্ক থাকার পাশাপাশি স্থানীয় প্রশাসনের নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।
বিশেষ করে পাহাড়ি ঢাল ও ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের প্রয়োজন হলে নিরাপদ আশ্রয়ে সরে যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।