রাজধানীতে মাদকবিরোধী অভিযান চলাকালে দায়িত্ব পালন করতে গিয়ে সংবাদকর্মী‘র ওপর পুলিশ হামলার ঘটনা ঘটেছে। বারবার নিজ পরিচয় দেয়ার পরও তোয়াক্কা না করে পুলিশ তাদের লাঠিপেটা ও শারীরিক নির্যাতন চালায়।
সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাতে সোহরাওয়ার্দী উদ্যানে এই ঘটনা ঘটে। এতে বাংলানিউজ২৪.কম–এর মাল্টিমিডিয়া রিপোর্টার তোফায়েল আহমেদ (২৫) আহত হয়েছেন।
প্রত্যক্ষদর্শীরা জানান, লাইভ চলাকালীন কোনো উসকানি ছাড়াই একদল পুলিশ সদস্য তোফায়েল‘কে লক্ষ্য করে অকথ্য ভাষায় গালিগালাজ শুরু করে। তিনি নিজেকে সাংবাদিক হিসেবে পরিচয় দিলে ক্ষিপ্ত হয়ে ওঠে পুলিশ। এ সময় তার মোবাইল ফোন কেড়ে নেয়ার চেষ্টা করা হয় এবং একের পর এক লাঠির আঘাত করা হয়।
মারধরের ঘটনায় তৌফায়েল আহমদ গুরুতর আহত হন। তার মাথা ও পিঠে আঘাতের কারণে রক্তক্ষরণ হয়। সহকর্মীরা তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। বর্তমানে তিনি সেখানে চিকিৎসাধীন রয়েছেন।
এ বিষয়ে সাংবাদিক তোফায়েল জানান, তিনি বাংলানিউজ২৪.কম–এ কাজ করেন। সন্ধ্যায় সোহরাওয়ার্দী উদ্যানে মাদকবিরোধী অভিযান চলছিল। সেখানে তিনিসহ আরও কয়েকজন সাংবাদিক ভিডিও করছিলেন। ভিডিও করতে গেলে পুলিশ সদস্যরা তাকে নিষেধ করেন। পরে আবার ভিডিও করতে গেলে পুলিশের সঙ্গে কথা কাটাকাটি শুরু হয়। এক পর্যায়ে ৪ থেকে ৫ জন পুলিশ সদস্য পিটিয়ে আহত করে।
ঘটনাস্থলে উপস্থিত কাউসার আহমেদ রিপন ( মাল্টিমিডিয়া প্রতিবেদক, আজকের পত্রিকা) বলেন, “কোনো উসকানি ছাড়াই পুলিশ সাংবাদিকদের ওপর হামলা করে। তৌফায়েল‘কে মারধর করা হলে আমরা তাকে উদ্ধার করার চেষ্টা করি। কিন্তু পুলিশ সদস্যরা এতটাই আক্রমণাত্মক ছিলেন যে, তারা আমাদেরও লাঠি দিয়ে মারধর করেন।“
ডিএমপি (রমনা বিভাগ) উপ–পুলিশ কমিশনার মাসুদ আলম বলেন, যেহেতু ভিডিও ফুটেজ আছে, তাই ভিডিও দেখে সাংবাদিক পেটানোর ঘটনায় যারা জড়িত, তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
এসএ