ঢাকাসহ ৪ সিটি কর্পোরেশনে আগামীকাল রবিবার (১২ এপ্রিল) শুরু হচ্ছে ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের হাম–রুবেলা প্রতিরোধে জরুরি টিকাদান কর্মসূচি।
শনিবার (১১ এপ্রিল) বিশ্ব পারকিনসন্স দিবস উপলক্ষ্যে আয়োজিত এক অনুষ্ঠানে এ তথ্য জানান স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী।
তিনি বলেন, আগামীকাল (১২ এপ্রিল) ঢাকা উত্তর ও দক্ষিণ, ময়মনসিংহ ও বরিশাল সিটি কর্পোরেশন এলাকায় হামের টিকাদান কার্যক্রম শুরু হবে। দেশব্যাপী টিকাদান কার্যক্রম শুরু হবে আগামী ২০ এপ্রিল। দেশে হামের টিকা ও সিরিঞ্জের কোনো ঘাটতি নেই।
স্বাস্থ্য সচিব বলেন, বিগত অন্তর্বর্তী সরকারের ভুলের কারণে বর্তমানে হামের প্রভাব দেশব্যাপী বৃদ্ধি পেয়েছে। ঠিকমত টিকাদান কর্মসূচি চলমান থাকলে এ সমস্যার মুখোমুখি হতে হতো না।
তিনি আরও বলেন, বর্তমানে আমরা ৬ থেকে ৫৯ মাস বয়সী শিশুদের জন্য দেশব্যাপী টিকাদান কার্যক্রম পরিচালনা করছি। আগে টিকা নেয়া থাকলেও চলমান ক্যাম্পেইনের আওতায় পুনরায় টিকা নেয়া যাবে।
এদিকে স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, যেসব শিশুর জ্বর রয়েছে বা বর্তমানে অসুস্থ, তাদেরকে এ সময়ে টিকা না দিয়ে সুস্থ হওয়ার পর টিকা নেয়ার পরামর্শ দেয়া হয়েছে।
এসএ