আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা–৮ আসনে স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চ মুখপাত্র শরিফ ওসমান হাদি‘র ওপর হামলাকারীরা ভারত পালিয়ে গেছেন কিনা, এমন তথ্য নিশ্চিত নয় বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
রবিবার (১৪ ডিসেম্বর) পল্টনে এক ব্রিফিংয়ে এ তথ্য জানান ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ উপ–পুলিশ কমিশনার (ডিসি) মুহাম্মদ তালেবুর রহমান।
তিনি বলেন, ডিবিসহ ডিএমপি‘র একাধিক টিম কাজ করছে। আমরা এখন পর্যন্ত, সম্ভাব্য খুনিরা ভারতে পালিয়ে যাওয়ার তথ্য পাইনি।
ডিসি তালেবুর রহমান আরও বলেন, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে মোটরসাইকেল মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করে পল্টন থানায় হস্তান্তর করেছে র্যাব। হত্যার ঘটনায় হান্নান জড়িত কিনা সে বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।
এদিকে, ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ থেকে পাঠানো এক ক্ষুদে বার্তায় জানানো হয়েছে, রবিবার (১৪ ডিসেম্বর) বিকালে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানাবেন অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশন) এস এন মো. নজরুল ইসলাম।
উল্লেখ্য, কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল–জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের নিজ ফেসবুক আইডিতে দেয়া পোস্টে জানিয়েছেন, অভিযুক্ত সাবেক ছাত্রলীগ নেতা ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান এবং তার সহযোগি মোটরসাইকেলচালক আলমগীর হোসেন গতকাল সন্ধ্যায় (১২ ডিসেম্বর) সীমান্ত পাড়ি দিয়ে ভারত প্রবেশ করেছে। তাদের বর্তমান অবস্থান আসাম রাজ্যের গুয়াহাটি শহরে।
তিনি আরও জানান, ভারতে তাদের সহায়তা করছেন আ. লীগ নেতা জাহাঙ্গীর কবির নানকের ব্যক্তিগত সহকারী (পিএস) মো. মাসুদুর রহমান বিপ্লব। বিপ্লবের তত্ত্বাবধানে এই হত্যাকারীরা ভারত অবস্থান করছে।
পোস্টে তিনি উল্লেখ করেন, নির্ভরযোগ্য সূত্রে জানা গেছে অত্যন্ত পরিকল্পিতভাবে এই আক্রমণ করা হয়েছে এবং আরও কয়েকটি হিট টিমের একইরকম ঘটনার পুনরাবৃত্তির চেষ্টা রয়েছে।
এসএ