ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা–৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরিফ ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটি শনাক্ত করেছে র্যাব। এ ঘটনায় মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে গ্রেপ্তার করা হয়েছে।
রবিবার (১৪ ডিসেম্বর) সকালে র্যাবের পক্ষ থেকে গণমাধ্যমে পাঠানো এক বার্তায় বিষয়টি নিশ্চিত করা হয়েছে।
র্যাব জানায়, ওসমান হাদির ওপর হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর শনাক্ত করা হয়েছে। ওই মোটরসাইকেলের মালিক আব্দুল হান্নানকে রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে পল্টন থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
র্যাবের তথ্য অনুযায়ী, গ্রেপ্তার হান্নান চাঁপাইনবাবগঞ্জের মো. আবুল কাশেমের ছেলে। হামলায় ব্যবহৃত মোটরসাইকেলটির নম্বর ৫৪–৬৩৭৫।
র্যাব আরও জানায়, হামলার ঘটনায় আব্দুল হান্নানের সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। তদন্তের স্বার্থে বিষয়টি বিস্তারিতভাবে যাচাই–বাছাই করা হচ্ছে।
উল্লেখ্য, গত শুক্রবার (১২ ডিসেম্বর) দুপুর সোয়া ২টার দিকে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় শরিফ ওসমান হাদির ওপর গুলি চালানো হয়। ঘটনার পর থেকেই আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী হামলাকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে তৎপরতা চালিয়ে যাচ্ছে।