ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যাচেষ্টা মামলার মূল আসামি শুটার ফয়সল করিম মাসুদের মা–বাবা‘কে গ্রেপ্তার করেছে র্যাব।
মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দিবাগত রাতে দেড়টার দিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় র্যাব–১০।
বিজ্ঞপ্তিতে বলা হয়, মঙ্গলবার ভোর সাড়ে ৫টার দিকে র্যাব–১০ ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানার হাসনাবাদ হাউজিংয়ে বিশেষ অভিযান চালায়। অভিযানে মূল আসামি ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খান ওরফে শুটার ফয়সালের বাবা মো. হুমায়ুন কবির (৭০) ও মা মোসা. হাসি বেগম (৬০) গ্রেপ্তার করা হয়।
এতে আরও বলা হয়, প্রাথমিক অনুসন্ধানে জানা যায়, হুমায়ুন–হাসি দম্পতির ৪ সন্তানের মধ্যে ফয়সল ৩য়। ফয়সল রাজধানী আগারগাঁও তাঁর বোন মোসা. জেসমিন আক্তারের বাসায় প্রায়ই যাতায়াত করতেন। ঘটনার দিন রাতে জেসমিনের বাসায় একটি ব্যাগ নিয়ে ওঠেন ফয়সল। পরে বাসার ফাঁকা জায়গা দিয়ে ব্যাগটি ফেলে দেন। আবার আসামি তাঁর ভাগনে জামিলকে (১৮) দিয়ে ব্যাগটি নিয়ে আসেন। আসামি তাঁর ব্যবহৃত দুটি মোবাইল ফোনের একটি বাসার ছাদ থেকে ফেলে দেন এবং অন্যটি তাঁর হাসি বেগমকে দেন।
পরে সেখানে তিনি তাঁর মা–বাবার সঙ্গে দেখা করেন। সেখানে অবস্থান নিরাপদ মনে না হওয়ায় আসামি ফয়সাল আগারগাঁও থেকে মিরপুর, পরে শাহজাদপুর বাবা হুমায়ুনের ভাতিজা আরিফের বাসায় যান।
র্যাব বিজ্ঞপ্তিতে বলা হয়, শুটার ফয়সালের ব্যাগ নিয়ে তার বাবা হুমায়ুন একটি সিএনজি ভাড়া করে দেন এবং সঙ্গে কিছু টাকাও প্রদান করেন। পরবর্তীতে আসামিরা তার ছোট ছেলে হাসান মাহমুদ বাবলু ওরফে রাজের কেরাণীগঞ্জ বাসায় আসে এবং তারা জুরাইন থেকে দুটি সিম কিনে ব্যবহার করেন।
এসএ