বুধবার, এপ্রিল ২২, ২০২৬
বুধবার, এপ্রিল ২২, ২০২৬

হরিজন কন্যার বিয়েতে গিয়ে প্রশংসায় ভাসছেন গাজীপুরের ডিসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

গাজীপুরে হরিজন সম্প্রদায়ের এক মাহারা এতিম কন্যার বিয়ের অনুষ্ঠানে উপস্থিত হয়ে সর্বমহলে প্রশংসায় ভাসছেন জেলা প্রশাসক (ডিসি) মো. নূরুল করিম ভূঁইয়া।

মঙ্গলবার (২১ এপ্রিল) অনুষ্ঠিত এ বিয়েতে জেলা প্রশাসনের শীর্ষ কর্মকর্তার অংশগ্রহণ স্থানীয়দের মধ্যে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে।

কনে প্রীতি রানী বাসফোর বর্তমানে একটি বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় বর্ষে অধ্যয়নরত। তার বাবা রতন বাসফোর গাজীপুর সিটি করপোরেশনের একজন পরিচ্ছন্নতা কর্মী। প্রীতির মা স্বর্গীয় সীমা রানী বাসফোরও একই পেশায় যুক্ত ছিলেন।

সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর পারিবারিক আয়োজনে জেলা প্রশাসকের উপস্থিতি আবেগঘন পরিবেশের সৃষ্টি করে। তাকে কাছে পেয়ে হরিজন সম্প্রদায়ের সদস্যরা আবেগাপ্লুত হয়ে পড়েন। অনেকে কৃতজ্ঞতা প্রকাশ করে তাকে প্রণাম জানান।

স্থানীয় হরিজন নেতারা জানান, সমাজে তারা দীর্ঘদিন ধরে অবহেলিত। তাদের কোনো সামাজিক অনুষ্ঠানে প্রশাসনের উচ্চপর্যায়ের কর্মকর্তার উপস্থিতি এটাই প্রথম। ডিসির এই মানবিক উদ্যোগকে তারা নিজেদের জন্য সম্মান ও মর্যাদার প্রতীক হিসেবে দেখছেন।

এ বিষয়ে জেলা প্রশাসক মো. নূরুল করিম ভূঁইয়া বলেন, “রাষ্ট্রের চোখে সব নাগরিক সমান। মাহারা এই শিক্ষার্থীর উচ্চশিক্ষা ও আগামীর পথচলায় সাহস জোগাতেই আমি এখানে এসেছি। কোনো পেশাই ছোট নয়—মানুষ হিসেবে আমাদের দায়িত্ব একে অপরের পাশে দাঁড়ানো।”

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More