‘স্বাধীনতা পুরস্কার ২০২৬’ প্রদানের তারিখ পরিবর্তন করা হয়েছে। আগামী ৯ এপ্রিল (বৃহস্পতিবার) নয়, স্বাধীনতা পুরস্কার দেয়া হবে আগামী ১৬ এপ্রিল (বৃহস্পতিবার)।
মঙ্গলবার (৭ এপ্রিল) মন্ত্রিপরিষদ বিভাগের বরাত দিয়ে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে তথ্য অধিদফতর।
এতে বলা হয়, সংশ্লিষ্ট সবার অবগতির জন্য জানানো যাচ্ছে যে, ‘স্বাধীনতা পুরস্কার–২০২৬’ প্রদান অনুষ্ঠানটি অনিবার্য কারণবশত ৯ এপ্রিলের (বৃহস্পতিবার) পরিবর্তে আগামী ১৬ এপ্রিল (বৃহস্পতিবার) বিকেল ৪টায় ওসমানী স্মৃতি মিলনায়তনে অনুষ্ঠিত হবে।
বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, পুনর্নির্ধারিত তারিখের জন্য নতুন করে আমন্ত্রণপত্র পাঠানো হবে না। ৯ এপ্রিলের (বৃহস্পতিবার) অনুষ্ঠানের জন্য পাঠানো আমন্ত্রণপত্র নিয়ে পুনর্নির্ধারিত তারিখের অনুষ্ঠানে অংশগ্রহণ করা যাবে।
উল্লেখ্য, প্রতি বছর জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ সরকার বিশিষ্ট ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এই সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা প্রদান করে থাকে।
প্রসঙ্গত, জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতি হিসেবে বিএনপি প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়া (মরণোত্তর), সংগীতশিল্পী বশির আহমেদ (মরণোত্তর), সাংস্কৃতিক ব্যক্তিত্ব হানিফ সংকেতসহ ২০ ব্যক্তি–প্রতিষ্ঠান ২০২৬ সালের স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন।
এসএ