মহান স্বাধীনতা ও জাতীয় দিবসে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ও বাংলাদেশ পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির মুক্তিযুদ্ধে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন।
বৃহস্পতিবার (২৬ মার্চ) পুলিশ সদরদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। সকাল সাড়ে সাতটায় রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনসে পুলিশ স্মৃতিসৌধে প্রথমে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন।
এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী ও ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
একটি সুসজ্জিত পুলিশ দল এ সময় রাষ্ট্রীয় সালাম প্রদান করে ও বিউগলে বাজানো হয় করুণ সুর।
পরে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি) মো. আলী হোসেন ফকির পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে বীর পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। এ সময় তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।
এরপর ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) কমিশনার (ভারপ্রাপ্ত) মো. সরওয়ার, বাংলাদেশ পুলিশ সার্ভিস অ্যাসোসিয়েশনের নেতৃবৃন্দ, বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্কের (বিপিউব্লিউএন) নেতৃবৃন্দ পৃথকভাবে পুলিশ স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করে শহীদ পুলিশ সদস্যদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন।