মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের জেরে সৌদি আরবের আল খারিজ শহরে ক্ষেপণাস্ত্র হামলায় গুরুতর আহত বাংলাদেশি প্রবাসী আব্দুল্লাহ আল মামুন (৩৫) চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
মঙ্গলবার (১৭ মার্চ) সৌদি আরবের স্থানীয় সময় রাত সাড়ে ১১টায় আল খারিজ শহরের সোলাইমান আল হাবিব হাসপাতালে লাইফ সাপোর্টে থাকা অবস্থায় তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসক। এ নিয়ে হামলায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে তিনজনে।
নিহত মামুন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার রসুলপুর ইউনিয়নের ভরভরা গ্রামের শহীদ সওদাগরের ছেলে। তিনি এক সন্তানের বাবা।
পারিবারিক ও স্থানীয় সূত্রে জানা যায়, ৮ মার্চ ইফতারের আগ মুহূর্তে সৌদির আল খারিজ শহরের ‘আল তোয়াইক বলদিয়া’ কোম্পানির একটি শ্রমিক ক্যাম্পে ক্ষেপণাস্ত্র আঘাত হানে। বিস্ফোরণে ঘটনাস্থলেই দুই বাংলাদেশি নিহত হন এবং মামুনসহ বেশ কয়েকজন গুরুতর আহত হন।
এর আগে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় ওই হামলায় নিহত অপর দুই বাংলাদেশির পরিচয় নিশ্চিত করেছিল। তারা হলেন— কিশোরগঞ্জের কটিয়াদির বাচ্চু মিয়া এবং টাঙ্গাইলের সখীপুরের মোশাররফ হোসেন। মামুনের মৃত্যুতে এই হামলায় প্রাণ হারানো বাংলাদেশির সংখ্যা এখন তিনজন।