বাসায় অতিরিক্ত বিদ্যুৎ বিল আসার অভিযোগ তুলে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করা সেই সিফাত আব্দুল্লাহর জামিন নামঞ্জুর করেছেন আদালত। সন্ত্রাসবিরোধী আইনে করা একটি মামলায় শুনানি শেষে তার জামিন আবেদন নামঞ্জুর করা হয়।
সোমবার (৭ সেপ্টেম্বর) দুপুরে ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত–৫–এর বিচারক রাকিবুল ইসলাম এ আদেশ দেন।
আটক সিফাত আব্দুল্লাহ গাজীপুর মহানগরীর ৩৮ নম্বর ওয়ার্ডের টিনের মসজিদ এলাকার বাসিন্দা।
মামলা ও আদালত সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) রাতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) গাছা থানা পুলিশ তাকে আটক করে এবং শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠায়। সোমবার কঠোর নিরাপত্তার মধ্যে আসামিপক্ষ ও রাষ্ট্রপক্ষের আইনজীবী দীর্ঘ শুনানি অংশ নেন।
রাষ্ট্রপক্ষের আইনজীবী মহানগর পিপি অ্যাডভোকেট সিদ্দিকুর রহমান বলেন, সিফাত আব্দুল্লাহ নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের সঙ্গে আঁতাত করে বিভিন্ন স্থানে ঝটিকা মিছিল ও নাশকতামূলক সভার পেছনে মদদদাতা হিসেবে কাজ করছিলেন, যার প্রাথমিক প্রমাণ পুলিশ পেয়েছে। আদালতকে বিষয়টি বিস্তারিত জানানোর পর জামিন নামঞ্জুর করা হয়। প্রয়োজনবোধে তদন্তের সুবিধার্থে পুলিশ যেকোনো সময় আসামির রিমান্ড আবেদন করবে।
অন্যদিকে আসামিপক্ষের আইনজীবী অ্যাডভোকেট রাশেদুল ইসলাম রবি দাবি করেন, সরকার প্রধানকে কটূক্তির অভিযোগে সিফাতকে আটক করা হলেও পরবর্তীতে একটি পুরোনো সন্ত্রাসবিরোধী আইনের মামলায় তাকে জড়িয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে, যা নাগরিকের সাংবিধানিক অধিকারের পরিপন্থী।