ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে সংরক্ষিত নারী আসনে দলীয় মনোনয়ন ফরম বিক্রি শুরু করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।
শুক্রবার (১০ এপ্রিল) বেলা ১১টা নয়াপল্টন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপির) কেন্দ্রীয় কার্যালয় থেকে ফরম বিক্রি শুরু হয়। ফরমের মূল্য ধরা হয়েছে ২ হাজার টাকা।
বিএনপি জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম উদ্বোধন করেন।
রিজভী বলেন, ‘দেশের বিভিন্ন এলাকা থেকে মনোনয়ন প্রত্যাশীরা এসেছেন। যারা গত ১৬–১৭ বছর নিপীড়ন ও নির্যাতনের স্বীকার হয়েছেন তাদের প্রত্যাশা থাকবে।’
তিনি আরও বলেন, ‘মনোনয়নের ক্ষেত্রে দলের পার্লামেন্টারি বোর্ড সিদ্ধান্ত নেবে। বিগত আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা, শিক্ষাগত যোগ্যতা এবং সংসদে কথা বলার যোগ্যতাসহ অন্যান্য যোগ্যতাও বিবেচনায় রাখা হবে।
১২ এপ্রিলের মধ্যে প্রার্থীদের মনোনয়ন ফরম জমা দিতে হবে। জমা দেয়ার সময় জমানত দিতে হবে ৫০ হাজার টাকা।
আগামী ১২ মে ভোটের দিন রেখে ত্রয়োদশ জাতীয় সংসদের সংরক্ষিত নারী আসনের নির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন (ইসি)।
ঘোষিত তফসিল অনুযায়ী, মনোনয়নপত্র জমা দেয়ার শেষ তারিখ ২১ এপ্রিল। মনোনয়নপত্র যাচাই–বাছাই হবে ২২ ও ২৩ এপ্রিল। আপিল করা যাবে ২৬ এপ্রিল। আপিল নিষ্পত্তি হবে ২৭ ও ২৮ এপ্রিল। প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৯ এপ্রিল। প্রতীক বরাদ্দ দেয়া হবে ৩০ এপ্রিল। ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে ১২ মে।
উল্লেখ্য, জাতীয় সংসদে ৩৫০ আসনের মধ্যে নারীদের জন্য সংরক্ষিত আসন ৫০টি। এর মধ্যে বিএনপি জন্য ৩৬টি এবং জামায়াতে ইসলামীসহ তাদের জোটের জন্য ১৩টি এবং স্বতন্ত্র প্রার্থীদের জন্য ১টি আসন সংরক্ষিত রাখা হয়েছে।
এসএ