‘পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা’– শীর্ষক একটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হলে তা বিএনপি‘র চেয়ারম্যান ও ‘আমরা বিএনপি পরিবার‘- এর প্রধান পৃষ্ঠপোষক মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান–এর দৃষ্টিগোচর হয়। অতঃপর তিনি অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনকে রাতুলের পরিবার ও বৃদ্ধ শাহানুরের পাশে দাঁড়াতে নির্দেশ দেন।
বৃহস্পতিবার (০৯ এপ্রিল) রাজধানীর খিলগাঁও শান্তিপুর ফায়ারসার্ভিস সংলগ্ন এলাকায় ‘আমরা বিএনপি পরিবার‘- এর সদস্য সচিব কৃষিবিদ মোকছেদুল মোমিন মিথুনের নেতৃত্বে রাতুলের পরিবার ও আগারগাঁও এলাকায় বৃদ্ধ শাহানুরের সাথে সাক্ষাৎ করতে যায় একটি প্রতিনিধি দল।
তারা শিশু রাতুলের অসুস্থ পিতা মো: রাব্বির সাথে সাক্ষাৎ করে মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান–এর সহমর্মিতার বার্তা পৌঁছে দিয়ে আর্থিক সহায়তা প্রদান করে। এ ছাড়া রাতুলের পড়াশোনার দায়িত্ব নেয় প্রতিনিধি দলটি।
পাশাপাশি প্রতিনিধি দলটি রাজধানীর আগারগাঁও এলাকায় পানি বিক্রেতা শাহানুর বেগমের পাশেও দাঁড়ান।
এসময় উপস্থিত ছিলেন– ‘আমরা বিএনপি পরিবার‘- এর সদস্য শাকিল আহমেদ, ফরহাদ আলী সজীব, সুইডেন বিএনপি নেতা সায়হাম সিকান্দার পাপ্পু, বুয়েট ছাত্রদলের সাবেক সাধারন সম্পাদক ইঞ্জিনিয়ার আবু হানিফ, শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্রনেতা মো: মেসবাউল আলম, মশিউর রহমান, ঢাকা কলেজ ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মিসবাহ প্রমুখ।
উল্লেখ্য, “পাঁচ বছর বয়সী শিশু রাতুলের কাঁধে সংসারের বোঝা“- শীর্ষক একটি প্রতিবেদন সংবাদমাধ্যমে প্রকাশিত হওয়ায় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের পক্ষে সাক্ষাৎ করে রাতুলের পরিবারকে এবং বৃদ্ধ শাহানুর বেগমকেও আর্থিক সহায়তা দেয়া হয়।