নতুন রাজনৈতিক অধ্যায় সূচনা করতে যাচ্ছে বাংলাদেশ। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) এবং নবগঠিত মন্ত্রিসভা সদস্যদের শপথ গ্রহণ আজ।
মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকাল ১০টায় জাতীয় সংসদ সচিবালয়ের শপথ গ্রহণ কক্ষে নবনির্বাচিত সংসদ সদস্য (এমপি) শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হবে। প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন তাঁদের শপথবাক্য পাঠ করাবেন।
মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি জানিয়েছেন, এবার এমপিরা ২ দফায় শপথ গ্রহণ করবেন– প্রথমবার সংসদ সদস্য হিসেবে এবং দ্বিতীয়বার রাষ্ট্র সংস্কারের বিশেষ অঙ্গীকার নিয়ে।
এছাড়া বিকাল ৪টায় অনুষ্ঠিত হবে নতুন মন্ত্রিসভা সদস্যদের শপথগ্রহণ। রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন প্রধানমন্ত্রী হিসেবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমানকে শপথবাক্য পাঠ করাবেন। তারেক রহমানের নেতৃত্বাধীন এই নতুন মন্ত্রিসভা সদস্যদেরও একই সময়ে শপথ পড়ানো হবে।
দীর্ঘদিনের প্রচলিত রীতি অনুযায়ী মন্ত্রিসভার শপথ অনুষ্ঠান বঙ্গভবনে অনুষ্ঠিত হলেও এবার তাতে পরিবর্তন আনা হয়েছে। এই প্রথম সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় উন্মুক্ত পরিবেশে শপথ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গেজেট প্রকাশিত ২৯৬ এমপি শপথ আজ সকালে সংসদ ভবনে অনুষ্ঠিত হবে। ৩০০ আসনবিশিষ্ট সংসদের ২৯৯ আসনে নির্বাচন হলেও দুটি আসনের ফলাফলের গেজেট হয়নি। আসন দুটি হলো চট্টগ্রাম–২ ও চট্টগ্রাম–৪। এছাড়া জামায়াতের প্রার্থীর মৃত্যুর কারণে শেরপুর–৩ আসনে নির্বাচন হয়নি।
প্রায় দুই দশক বাংলাদেশ গণতন্ত্রহীন থাকার পর ষষ্ঠবারের মতো রাষ্ট্রক্ষমতায় অধিষ্ঠিত হতে যাচ্ছে বিএনপি। ইতিহাসসেরা ১২ ফেব্রুয়ারির নির্বাচনে দুই–তৃতীয়াংশ আসনে বিজয়ী দলটি আজ সরকার গঠন করতে যাচ্ছে। খালেদা জিয়া ২০০৬ সালে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব শেষ করার ২০ বছর পর প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন তার ছেলে তারেক রহমান।
এই ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে দেশি–বিদেশি প্রায় ১ হাজার ২০০ অতিথিকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রিতদের তালিকায় রয়েছেন বিভিন্ন দেশের কূটনীতিক, বিশিষ্ট নাগরিক এবং রাজনৈতিক নেতৃবৃন্দ। অনুষ্ঠানকে কেন্দ্র করে সংসদ ভবন এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করা হয়েছে।
এসএ