দীপ্ত নিউজ
জাতীয়

রানিং স্টাফদের কর্মবিরতি: সারা দেশে ট্রেন চলাচল বন্ধ

নিউজ ডেস্ক
নিউজ ডেস্ক
প্রকাশ:
রানিং স্টাফদের কর্মবিরতি: সারা দেশে ট্রেন চলাচল বন্ধ

মূল বেতনের সঙ্গে রানিং অ্যালাউন্স যোগ করে পেনশন এবং আনুতোষিক সুবিধা দেওয়ার বিষয়ে জটিলতা নিরসন না হওয়ায় অবশেষে কর্মবিরতিতে গেল বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফরা।

যার ফলে সোমবার (২৭ জানুয়ারি) দিবাগত মধ্যরাত থেকে বন্ধ রয়েছে সারা দেশে ট্রেন চলাচল। এতে ভোগান্তিতে পড়েছেন অসংখ্য যাত্রী।

মঙ্গলবার (২৮ জানুয়ারি) রাত ১২টার পর বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ রেলওয়ে রানিং স্টাফ ও শ্রমিক কর্মচারী সমিতির ঢাকা মহানগর কমিটির সাধারণ সম্পাদক সাঈদুর রহমান।

তিনি বলেন, আমরা রেল ভবন থেকে কোনো সিদ্ধান্তের কথা জানতে পারিনি৷ রেল চলাচল বন্ধ রাখার বিষয়ে আমরা আমাদের সিদ্ধান্তে অটল রয়েছি।

কর্মবিরতির অংশ হিসেবে সোমবার রাত ১২টা পর শিডিউলে থাকা ট্রেনগুলোতে উঠেননি রানিং স্টাফরা। ফলে প্রারম্ভিক স্টেশন থেকে কোনো ট্রেন ছেড়ে যায়নি। রানিং স্টাফরা হলেন– গার্ড, ট্রেনচালক (লোকোমাস্টার), সহকারী চালক ও টিকিট পরিদর্শক (টিটিই)।

এর আগে, সোমবার রেল ভবনে বৈঠকের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন রানিং স্টাফরা। রেলওয়ের কর্মীদের অভিযোগ, দিনে ৮ ঘণ্টার জায়গায় রানিং স্টাফদের কাজ করতে হয় ১৫ থেকে ১৮ ঘণ্টা।

রেল নেতারা বলছেন, দীর্ঘদিন ধরে ন্যায্য মজুরির দাবি জানানোর পরও কর্তৃপক্ষ কোনো ব্যবস্থা নিচ্ছে না। চার বছর ধরে এসব দাবি উপেক্ষা করায় কর্মবিরতি ছাড়া আর কোন উপায় নেই।

 

এসএ

এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।