ঈদ ছুটি শেষে কর্মস্থল রাজধানী ফিরতে শুরু করেছে মানুষ। এতে মহাসড়কে বেড়েছে যানবাহনের চাপ। ফলে গত ২৪ ঘণ্টায় (একদিনে) যমুনা সেতু থেকে টোল আদায় হয়েছে তিন কোটি ৩১ লাখ ১৫ হাজার ৫০ টাকা।
রবিবরা (২৯ মার্চ) সকালে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন এ তথ্য নিশ্চিত করেছেন।
সেতু কর্তৃপক্ষ জানায়, শুক্রবার (২৭ মার্চ) রাত ১২টা থেকে শনিবার (২৮ মার্চ) রাত ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেতু দিয়ে ৪২ হাজার ৩৭৪টি যানবাহন পারাপার হয়েছে। এর মধ্যে উত্তরবঙ্গগামী লেন দিয়ে ১৮ হাজার ৩৬টি যানবাহন পারাপার হয়েছে। এতে টোল আদায় হয়েছে ১ কোটি ৬০ লাখ ২৪ হাজার ৪৫০ টাকা। অপরদিকে ঢাকাগামী লেন দিয়ে ২৪ হাজার ৩৩৮টি যানবাহন পারাপার হয়েছে। এর বিপরীতে টোল আদায় হয়েছে ১ কোটি ৭০ লাখ ৯০ হাজার ৬০০ টাকা।
এ ব্যাপারে যমুনা সেতু সাইট অফিসের নির্বাহী প্রকৌশলী সৈয়দ রিয়াজ উদ্দিন জানান, ঈদ ছুটি শেষে কর্মস্থলে ফিরছে মানুষ। এতে ঢাকা–টাঙ্গাইল মহাসড়কে যানবাহনের চাপ বেড়েছে।
তিনি আরও জানান, যমুনা সেতুর দুই পাশ দিয়ে ৯টি করে মোট ১৮ টি বুথ দিয়ে যানবাহন পারাপার হচ্ছে। এর মধ্যে দুই পাশেই ২টি করে বুথ দিয়ে আলাদাভাবে মোটরসাইকেল পারাপার হচ্ছে।
উল্লেখ্য, ১৯৯৮ সালে যমুনা সেতু চালু হওয়ার পর থেকেই টোল আদায় করে আসছে কর্তৃপক্ষ।
এসএ