মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের নতুন নির্দেশনা দিলো ইসি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের নতুন নির্দেশনা দিলো ইসি

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটকেন্দ্রে মোবাইল ফোন ব্যবহারের ওপর সুনির্দিষ্ট বিধিনিষেধ আরোপ করেছে নির্বাচন কমিশন (ইসি)

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) নির্বাচন কমিশন সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এ সংক্রান্ত নির্দেশনা রিটার্নিং কর্মকর্তাদের কাছে পাঠানো হয়েছে।

নতুন সিদ্ধান্তে ভোটার মোবাইল ফোন নিয়ে ভোটকেন্দ্রে যেতে পারবেন, তবে গোপন কক্ষে (মার্কিং প্লেসে) তা ব্যবহার করা যাবে না।

ইসির নির্দেশনা অনুযায়ী যারা মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন, তারা হলেন—

. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার

. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত পুলিশ ইনচার্জ

. ভোটকেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত অঙ্গীভূত আনসার বা সাধারণ আনসারভিডিপির ‘নির্বাচন সুরক্ষা ২০২৬’ অ্যাপ ব্যবহারকারী দুই আনসার সদস্য

. দেশি ও বিদেশি সাংবাদিক ও পর্যবেক্ষক

. প্রতিদ্বন্দ্বী প্রার্থী ও তার নির্বাচনী এজেন্ট এবং ভোটার

নির্বাচন কমিশন জানায়, ভোটের গোপনীয়তা রক্ষার স্বার্থে কোনো ব্যক্তিই—সে ভোটার হোক বা কর্মকর্তা—গোপন কক্ষে (মার্কিং প্লেস) মোবাইল ফোন ব্যবহার করতে পারবেন না। ভোটের পবিত্রতা ও গোপনীয়তা নিশ্চিত করতেই এই সিদ্ধান্ত নেয়া হয়েছে। সংশ্লিষ্ট সবাইকে এই নির্দেশনা কঠোরভাবে মেনে চলার জন্য অনুরোধ করা হলো।

এই নির্দেশনার অনুলিপি মন্ত্রিপরিষদ সচিব, প্রধান উপদেষ্টার মুখ্য সচিব, জননিরাপত্তা বিভাগ এবং মহাপুলিশ পরিদর্শকসহ (আইজিপি) সংশ্লিষ্ট সব দফতরে পাঠানো হয়েছে।

আসন্ন নির্বাচন অবাধ ও সুষ্ঠু করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের প্রয়োজনীয় ব্যবস্থা নেয়ার নির্দেশ দিয়েছে কমিশন।

গত রবিবার রাতে নির্বাচন কমিশন আসন্ন সংসদ নির্বাচন ও গণভোটের কেন্দ্রে মোবাইল ফোন নিয়ে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করেছিল।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More