ঈদুল ফিতর উপলক্ষে তৈরি পোশাক শিল্পে কর্মরত শ্রমিক, কর্মচারী, কর্মকর্তাদের বেতন–বোনাসসহ অন্যান্য ভাতা পরিশোধ এবং রফতানি বিল সংক্রান্ত কাজের সুবিধার্থে আজ বুধবার (১৮ মার্চ) শিল্পসংশ্লিষ্ট এলাকায় সীমিত পরিসরে তফসিলি ব্যাংকের শাখা খোলা থাকবে।
বাংলাদেশ ব্যাংক সুপারভাইজরি ডেটা ম্যানেজমেন্ট অ্যান্ড অ্যানালিটিক্স ডিপার্টমেন্ট (এসডিএডি) সম্প্রতি এ সংক্রান্ত নির্দেশনা জারি করেছে।
এতে বলা হয়, শবে কদর ও ঈদুল ফিতরের পূর্ব নির্ধারিত ছুটির মধ্যবর্তী ১৮ মার্চের (বুধবার) নির্বাহী আদেশে সরকার ছুটি ঘোষণা করায় তফসিলি ব্যাংকের সব শাখা ও উপশাখা বন্ধ থাকবে।
তবে তৈরি পোশাক শিল্প খাতে নিয়োজিত শ্রমিক–কর্মচারীদের বেতন, বোনাস ও অন্যান্য ভাতা পরিশোধের সুবিধার্থে এবং রফতানি বিল ক্রয়–বিক্রয়ের লক্ষ্যে শুধু ঢাকা মহানগরী, আশুলিয়া, টঙ্গী, গাজীপুর, সাভার, ভালুকা, নারায়ণগঞ্জ ও চট্টগ্রামে অবস্থিত পোশাক শিল্পের লেনদেন সংশ্লিষ্ট এলাকার বাণিজ্যিক ব্যাংকগুলোর শাখায় পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করে ১৮ ও ১৯ মার্চ যথাক্রমে বুধ ও বৃহস্পতিবার সীমিত সংখ্যক লোকবলের মাধ্যমে সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম পরিচালিত হবে
এই দুইদিন ব্যাংক অফিস চলবে সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত। এর মধ্যে দুপুর সোয়া ১টা থেকে দেড়টা পর্যন্ত যোহরের নামাজের বিরতি থাকবে। আর লেনদেন চলবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত।
এসএ