মহান বিজয় দিবস উপলক্ষে মঙ্গলবার (১৬ ডিসেম্বর) দুপুরে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করতে বঙ্গভবন যাতায়াত করবেন ভিআইপি ব্যক্তিরা। এ কারণে বঙ্গভবনের আশপাশ এলাকার বেশকিছু সড়ক বন্ধ থাকবে বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
সোমবার (১৫ ডিসেম্বর) ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধান উপদেষ্টা, প্রধান বিচারপতি, বিভিন্ন মন্ত্রণালয়ের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টারা, বিদেশি রাষ্ট্রের কূটনীতিকরা এবং সরকারের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ বিভিন্ন সংগঠনের নেতারা বঙ্গভবনে মহামান্য রাষ্ট্রপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন।
এতে আরও বলা হয়, অনুষ্ঠানে আগত অতিথিদের যানবাহন সুষ্ঠুভাবে চলাচলের জন্য বঙ্গভবনের আশপাশের এলাকায় চলাচলরত গাড়ি চালক/ব্যবহারকারীদের ১৬ ডিসেম্বর দুপুর ২টা থেকে বঙ্গভবনের রাষ্ট্রীয় সংবর্ধনা অনুষ্ঠান শেষ না হওয়া পর্যন্ত পর্যন্ত এসব সড়কে যান চলাচল বন্ধ থাকবে।
সড়কগুলো হলো–
১. আহাদ বক্স (গুলিস্থান) থেকে ইত্তেফাক মোড় পর্যন্ত সব প্রকার যানবাহন চলাচল বন্ধ থাকবে।
২. মতিঝিল অ্যালিকো গ্যাপ হতে দিলকুশা বাণিজ্যিক এলাকা ও রাজউক ক্রসিং পর্যন্ত সব প্রকার গাড়ি প্রবেশ বন্ধ থাকবে।
৩. মতিঝিল পার্ক রোডের উত্তর দিক থেকে ইত্তেফাক মোড় অভিমুখী কোনো প্রকার যানবাহন চলাচল করবে না।
৪. শাপলা চত্বর ও দৈনিক বাংলা থেকে রাজউক–গুলিস্তানগামী সব বাস দৈনিক বাংলা, ইউবিএল, প্রেসক্লাব হয়ে চলাচল (আসা–যাওয়া) করবে কিংবা অন্য কোনো সুবিধাজনক বিকল্প রাস্তায় চলাচল করবে।
৫. দৈনিক বাংলা থেকে রাজউক অভিমুখী কোনো বাণিজ্যিক গাড়ি চলাচল করবে না।
৬. জিরো পয়েন্ট থেকে রাজউক অভিমুখে স্টিকারযুক্ত গাড়ি ছাড়া অন্য সব ধরনের যানবাহন চলাচল বন্ধ থাকবে।
এসএ