
বিকেল থেকে চলবে মেট্রোরেল, খুলছে কাজীপাড়া স্টেশন

সাপ্তাহিক ছুটির দিন শুক্রবারও এখন থেকে চলবে মেট্রোরেল। তবে এদিন যাত্রী পরিবহন শুরু হবে বিকেল তিনটা থেকে। চলবে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত। এছাড়া মেরামত শেষ হওয়ায় আজই খুলছে কাজীপাড়া স্টেশন।
রাজধানীর ইস্কাটনে বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) এসব তথ্য জানান মেট্রোরেল পরিচালনাকারী কর্তৃপক্ষ ঢাকা ম্যাস ট্রানজিট কোম্পানি লিমিটেডের (ডিএমটিসিএল) ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।
তিনি জানান, এমআরটি লাইন–৬ এর ট্রেন প্রতি শুক্রবার উত্তরা–উত্তর থেকে মতিঝিল পর্যন্ত বিকেল সাড়ে ৩ টা থেকে রাত ৯টা পর্যন্ত এবং মতিঝিল থেকে উত্তরা–উত্তর পর্যন্ত বিকেল ৩টা ৫০ মিনিট থেকে রাত ৯টা ৪০ মিনিট পর্যন্ত চলাচল করবে।
মোহাম্মদ আবদুর রউফ আরও বলেন, মেট্রোরেলের ক্ষতিগ্রস্ত কাজীপাড়া স্টেশনের মেরামত কাজ শেষ হয়েছে। স্টেশনটি মেরামতে ২০ লাখ ৫০ হাজার টাকা খরচ হয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় সংঘর্ষে ক্ষতিগ্রস্ত মিরপুর ১০ নম্বর স্টেশন চালু হতে আরেকটু সময় লাগবে।
উল্লেখ্য, প্রতিদিন চলাচল করে মেট্রোরেলের ১৯৮টি ট্রিপ। যাত্রী পরিবহন হয় গড়ে ৩ লাখ। চলতি মাসে এ পযন্ত আয় হয়েছে ২০ কোটি ৬৭ লাখ টাকা।
যানজটের ভোগান্তি থেকে মুক্তি পেতে সাপ্তাহিক ছুটি শুক্রবারও মেট্রো চালানোর দাবি ছিল অনেকদিনের। সেই আক্ষেপ এবার ঘুচলো নগরবাসীর, এবার শুক্রবারও চলবে মেট্রোরেল।
এসএ








