আগামী ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে ৮ থেকে ১৩ ফেব্রুয়ারি— বিকাশ, নগদ, রকেটসহ সব মোবাইল ব্যাংকিং (এমএফএস) গ্রাহক দিনে সর্বোচ্চ ১০ হাজার টাকা পাঠাতে এবং দিনে সর্বোচ্চ ১০টি লেনদেন করতে পারবেন— যার সর্বোচ্চ সীমা হবে ১ হাজার টাকা।
এ ছাড়া ইন্টারনেট ব্যাংকিং ব্যবহার করে ব্যক্তি থেকে ব্যক্তি টাকা পাঠানোর সুবিধা পুরোপুরি বন্ধ রাখার প্রস্তুতি নেওয়া হয়েছে। ব্র্যাক ব্যাংক–এর আস্থা, সিটি ব্যাংক–এর সিটিটাচ, ডাচ–বাংলা ব্যাংক–এর নেক্সাস পে—সব অ্যাপেই এই নিষেধাজ্ঞা কার্যকর হতে পারে।
বাংলাদেশ ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট (বিএফআইইউ) সূত্র জানায়, নির্বাচন কমিশন (ইসি) অনুরোধেই এই উদ্যোগ। এরই মধ্যে নগদ টাকা উত্তোলন ও জমায় কড়া নজরদারি শুরু হয়েছে।
বাংলাদেশ ব্যাংক নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান বলেন, ‘নির্বাচন কমিশনের চাহিদার প্রেক্ষিতে অর্থ লেনদেন সীমিত করার বিষয়ে কাজ চলছে। এ বিষয়ে চলতি সপ্তাহে প্রজ্ঞাপন জারি করা হবে। প্রয়োজন হলে লেনদেন সীমা আরো কমবেশি হতে পারে।’
উল্লেখ্য, বর্তমানে এমএফএস গ্রাহকেরা দিনে সর্বোচ্চ ৫০ হাজার টাকা এবং মাসে ৩ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। আর ব্যাংক অ্যাপস ও ইন্টারনেট ব্যাংকিং গ্রাহক সর্বোচ্চ ১০ লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন।
এসএ