বরিশালের সরকারি ব্রজমোহন (বিএম) কলেজের সমাজকল্যাণ বিভাগের শিক্ষার্থী মো. মাইনুল ইসলামের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১৭ জুন) বিকেলে কলেজের মুসলিম হল থেকে এ মরদেহ উদ্ধার করা হয়। নিহত মাইনুল ইসলাম হিজলা উপজেলার বাউশিয়া এলাকার বাসিন্দা মো. আব্দুল রহিম হাওলাদারের ছেলে।
কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. মোহাম্মদ গোলাম কিবরিয়া জানান, আমাদের কলেজের মুসলিম হলের একটি পরিত্যক্ত কক্ষ থেকে সমাজকল্যাণ বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী মো. মাইনুল ইসলামের মরদেহ ঝুলন্ত অবস্থায় পাওয়া গেছে।
এ বিষয়ে বরিশাল কোতয়ালী মডেল থানার পুলিশ পরিদর্শক (অপারেশন) বিপ্লব কুমার রায় বলেন, আমরা টিন সেটের মুসলিম হোস্টেলের উপরের একটি কক্ষে ঝুলন্ত অবস্থায় মরদেহটি পেয়েছি। প্রাথমিক অবস্থায় আমাদের আত্মহত্যা মনে হচ্ছে। তবে তদন্তের পরে বিস্তারিত পাওয়া যাবে।
মর্তুজা জুয়েল/ইমাম/দীপ্ত নিউজ