শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
শুক্রবার, ১৭ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২রা শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাড়ির সামনে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

কিশোরগঞ্জের মিঠামইন উপজেলা বিএনপির সভাপতি জাহিদুল আলম জাহাঙ্গীর দুর্বৃত্তদের হামলায় নিহত হয়েছেন।

বুধবার (১৫ জুলাই) রাত ১০টার দিকে উপজেলার বেড়িবাঁধ এলাকায় নিজ বাগানবাড়ির সামনে দুর্বৃত্তরা তাকে কুপিয়ে গুরুতর জখম করে। পরে চিকিৎসার জন্য শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

বুধবার দিবাগত রাত ১২টার দিকে শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন হামলাকারী ধারালো অস্ত্র নিয়ে জাহিদুল আলম জাহাঙ্গীরের ওপর অতর্কিত হামলা চালায়। তার চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে একজন হামলাকারীকে আটক করতে সক্ষম হয় এলাকাবাসী। তবে অপর দুই হামলাকারী পালিয়ে যায়।

গুরুতর আহত অবস্থায় জাহিদুল আলম জাহাঙ্গীরকে উদ্ধার করে দ্রুত শহীদ সৈয়দ নজরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক ডা. আনন্দ বসাক বলেন, রাত সাড়ে ১১টার দিকে জাহিদুল আলম জাহাঙ্গীরকে হাসপাতালে আনা হয়। হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়েছে। পরে মরদেহটি ময়নাতদন্তের জন্য হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

মিঠামইন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, ঘটনার পরপরই পুলিশ অভিযান চালিয়ে একজনকে আটক করেছে। বাকি অভিযুক্তদের আটক করতে অভিযান অব্যাহত রয়েছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More