বাংলাদেশ ও ভারতের মৈত্রী ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে রক্তদানের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছে। পরবর্তিতে যা যৌথ সামরিক যোগাযোগের মাধ্যমে আরো সুদৃঢ় হয়েছে। ভবিষ্যতেও এই ধারা অব্যহত থাকবে বলে মন্তব্য করেছেন ভারতের সেনাপ্রধান জেনারেল মনোজ পান্ডে।
মঙ্গলবার (৬ জুন) সকালে চট্টগ্রামে বাংলাদেশ মিলিটারী একাডেমীর ৮৪ তম দীর্ঘমেয়াদি কোর্সের প্রশিক্ষন সমাপনী রাষ্ট্রপতি কুচকাওয়াজে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি। এসময় তিনি আরও বলেন, বর্তমান সময়ে যুদ্ধক্ষেত্রে নানা ধরনের প্রযুক্তি যুক্ত হওয়ায় সেনা সদস্যদের আগের চেয়ে আরো কঠিন পরিস্থিতি মোকাবিলা করতে হয়। সেজন্য প্রশিক্ষণকেও আধুনিকায়ন করা হচ্ছে। বাংলাদেশ সেনাবাহিনীও সেই ধারা অব্যহত রেখেছে।
এর আগে সকাল ৯টায় বাংলাদেশ মিলিটারী একাডেমীর প্যারেড গ্রাউন্ডে পৌঁছান ভারতীয় সেনা প্রধান। শুরুতেই নবীন ক্যাডেটদের অভিবাদন গ্রহণ করে কুচকাওয়াজ পরিদর্শন করেন তিনি। তারপর পুরস্কারপ্রাপ্ত ক্যাডেটদের হাতে স্মারক তুলে দেন। এবার সব বিষয়ে শ্রেষ্ঠ কৃতিত্বের জন্য সোর্ড অব অনার অর্জন করেন ব্যাটলিয়ন সিনিয়র আন্ডার অফিসার শেখ সাব্বির আহমেদ।
এছাড়া সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক অর্জন করেন কোম্পানী সার্জেন্ট মেজর তানভীর রহমান তপু। বিদেশী ক্যাডেটদের মধ্যে বাংলাদেশ–ভারত ফ্রেন্ডশীপ ট্রফি পান তানজানিয়ার অফিসার ক্যাডেট এমারটন জন কম্বো।
রুনা/আল/দীপ্ত সংবাদ