বরিশালের গৌরনদী উপজেলায় ঢাকা–বরিশাল মহাসড়কে যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে নারীসহ দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত আরও দুইজন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। রবিবার (২৯ মার্চ) দুপুরে উপজেলার বাটাজোর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—বরিশাল নগরীর কাউনিয়া এলাকার বাসিন্দা ইতি চক্রবর্তী (৪৫) এবং নগরীর কাটপট্টি এলাকার বাসিন্দা পবিত্র মজুমদার (৫০)।
হাইওয়ে পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে বরগুনার উদ্দেশে ছেড়ে আসা ‘গ্রিনভিউ পরিবহন’ নামের যাত্রীবাহী বাসটি বাটাজোর এলাকা অতিক্রম করার সময় চালক নিয়ন্ত্রণ হারান। এসময় দ্রুতগতির বাসটি উল্টে মহাসড়কের পাশের একটি গভীর খাদে পড়ে যায়। ঘটনাস্থলেই ইতি চক্রবর্তী মারা যান। খবর পেয়ে গৌরনদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠায়। পরে বরিশাল শের–ই–বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান পবিত্র মজুমদার।
এই দুর্ঘটনায় নিহত ইতি চক্রবর্তীর স্বামী গুরুদাস চক্রবর্তী (৪৫) এবং তাদের মেয়ে উপমা চক্রবর্তী (১৬) গুরুতর আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। এছাড়াও বাসের আরও কয়েকজন যাত্রী সামান্য আহত হয়েছেন বলে জানা গেছে।
গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শামিম শেখ জানান, দুর্ঘটনার খবর পেয়ে দ্রুত পুলিশ ও ফায়ার সার্ভিস উদ্ধার কাজ শুরু করে। দুর্ঘটনাকবলিত বাসটি রেকার দিয়ে উদ্ধার করে থানায় আনা হয়েছে। এ ঘটনায় মামলা ও পরবর্তী আইনি প্রক্রিয়া চলমান রয়েছে।