কোনো ধরনের ‘সরকারি অর্থ’ বা ‘পাবলিক মানি’ খরচ না করেই রাষ্ট্রীয় টেলিভিশন চ্যানেল বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) অন্য কিছু অংশীদারকে সঙ্গে নিয়ে যৌথভাবে ২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ সম্প্রচার করবে।
মঙ্গলবার (৯ জুন) গণমাধ্যমে পাঠানো এক বার্তায় দেশবাসীকে এই সুখবর জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
বার্তায় তথ্যমন্ত্রী বলেন, অত্যন্ত আনন্দের সঙ্গে দেশবাসীকে জানাচ্ছি যে, বিটিভি অন্য কিছু অংশীদারকে সঙ্গে নিয়ে বিশ্বকাপ ২০২৬ সম্প্রচার করবে। আমাদের মন্ত্রণালয় আনুষ্ঠানিকভাবে এ বিষয়ে সব গণমাধ্যমকে বিস্তারিত জানাবে।
মন্ত্রী বলেন, ‘আমাদের নেতা তারেক রহমানের বিজ্ঞ নির্দেশনায় আমরা এই সফলতা অর্জন করেছি। আশা করি কোনো পাবলিক মানি খরচ না করেই আমরা বিশ্বকাপের সব খেলা সম্প্রচার করতে পারব।’
তথ্য মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আজ দুপুরের মধ্যেই মন্ত্রণালয় পক্ষ থেকে সংবাদ সম্মেলন বা আনুষ্ঠানিক প্রেস রিলিজের মাধ্যমে কোন কোন অংশীদারকে সঙ্গে নিয়ে এবং কোন প্রক্রিয়ায় এই খেলা সম্প্রচার করা হবে, তার বিস্তারিত রূপরেখা ব্রিফ করা হবে।
উল্লেখ্য, বর্তমানে চীন সরকারের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে দেশের বাইরে অবস্থান করছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন।
এসএ