প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসুস্থ তাশদিদের খোঁজ নিলেন ডা. বিটু

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
প্রধানমন্ত্রীর নির্দেশনায় অসুস্থ শিক্ষার্থী শাফকাত ইউনুস তাশদিদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক।

প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনায় অসুস্থ শিক্ষার্থী শাফকাত ইউনুস তাশদিদের শারীরিক অবস্থার খোঁজ নিয়েছেন প্রধানমন্ত্রীর ব্যক্তিগত চিকিৎসক ডা. এ. এন. এম. মনোয়ারুল কাদির বিটু।

আজ ১০ সেপ্টেম্বর, বৃহস্পতিবার সকালে প্রধানমন্ত্রীর নির্দেশনায় তাশদিদের ধানমন্ডির বাসায় যান ডা. বিটু। সেখানে তিনি তাশদিদের শারীরিক অবস্থার খোঁজ নেন এবং পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন। এ সময় তাশদিদের চিকিৎসার বিষয়ে প্রয়োজনীয় পরামর্শ দেওয়ার পাশাপাশি প্রধানমন্ত্রীর শুভেচ্ছাও তার পরিবারের কাছে পৌঁছে দেন তিনি।

এর আগে গত ৯ সেপ্টেম্বর জাতীয় সংসদের অধিবেশন দেখতে এসে হঠাৎ অসুস্থ হয়ে পড়ে সানিডেল স্কুলের দশম শ্রেণির শিক্ষার্থী তাশদিদ। বিষয়টি জানতে পেরে প্রধানমন্ত্রী তারেক রহমান নিজে তার কাছে ছুটে যান এবং শারীরিক অবস্থার খোঁজ নেন।

পরে প্রধানমন্ত্রী তাঁর ব্যক্তিগত চিকিৎসক ডা. মনোয়ারুল কাদির বিটুকে ডেকে এনে তাশদিদের চিকিৎসার ব্যবস্থা করেন। প্রধানমন্ত্রীর উপস্থিতিতে ডা. বিটু প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর তাশদিদকে আরও পরীক্ষা-নিরীক্ষার জন্য জাতীয় সংসদের মেডিকেল সেন্টারে নেওয়া হয়। চিকিৎসা শেষে তাকে নিরাপদে ধানমন্ডির বাসায় পৌঁছে দেন ডা. বিটু ও প্রটোকল কর্মকর্তা কামরুল ইসলাম। জানা যায়, তাশদিদ প্রায় সাত বছর ধরে একটি বিরল হরমোনজনিত রোগে আক্রান্ত।

একজন রাষ্ট্রনায়কের ব্যস্ততার মধ্যেও অসুস্থ একটি শিশুর পাশে নিজে ছুটে যাওয়া, চিকিৎসার ব্যবস্থা করা এবং পরদিনও তার শারীরিক অবস্থার খোঁজ রাখার এই ঘটনা শিশুদের প্রতি প্রধানমন্ত্রী তারেক রহমানের আন্তরিকতা, মমতা ও স্নেহের এক উজ্জ্বল দৃষ্টান্ত হয়ে উঠেছে।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More