দেশব্যাপী ‘নদী–নালা–খাল, জলাধার খনন ও পুনঃখনন’ কর্মসূচি উদ্বোধন করতে দিনাজপুর যাচ্ছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রথম পর্যায়ে ৫৪টি জেলায় এ কর্মসূচি শুরু হবে।
সোমবার (১৬ মার্চ) কাহারোল উপজেলা বলরামপুর সাহাপাড়া খাল খননের মাধ্যমে এ কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।
এদিন প্রধানমন্ত্রী ঢাকা থেকে সৈয়দপুর এয়ারপোর্টে সকাল সাড়ে ১০টায় পৌঁছাবেন। সেখান থেকে বাসে করে কাহারোল যাবেন। খাল খনন উদ্বোধন শেষে তিনি দিনাজপুর শহরে আসবেন। এরপর ‘শেখ ফরিদপুর‘ কবরস্থানে নানা–নানি‘র কবর জিয়ারত করে সার্কিট হাউজ মাঠে ইফতার করবেন প্রধানমন্ত্রী। কর্মসূচি শেষে রাত ৮টায় সৈয়দপুর থেকে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবেন।
‘শেখ ফরিদপুর‘ কবরস্থানের সাধারণ সম্পাদক আবু তৈয়ব আলী বলেন, প্রধানমন্ত্রী নানা–নানি‘র কবর জিয়ারত করবেন এ জন্য শেখ ফরিদপুর কবরস্থানে সংস্কার ও পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে।
জেলা বিএনপি সভাপতি মোফাজ্জল হোসেন দুলাল বলেন, ‘প্রধানমন্ত্রী তারেক রহমানের স্মৃতিবিজড়িত দিনাজপুর। শহরের বালুবাড়ীতে তার মা আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জন্মভূমি। এই মাটিতে কেটেছে প্রধানমন্ত্রীর কৈশোর, শৈশব। নানা ইসকেন্দার মজুমদার ও নানি বেগম তৈয়বা মজুমদার এবং বড় খালা প্রয়াত মন্ত্রী বেগম খুরশীদ জাহান হক শেখ ফরিদপুর কবরস্থানে শায়িত আছেন।’
দিনাজপুর অতিরিক্ত পুলিশ সুপার আনোয়ার হোসেন জানান, প্রধানমন্ত্রীর দিনাজপুর সফর ঘিরে নিরাপত্তায় এসএসএফ ছাড়াও গোয়েন্দা সংস্থার সদস্য এবং মোতায়েন থাকবে ৩ হাজার পুলিশ।
উল্লেখ্য, বর্তমান সরকার আগামী ৫ বছরে দেশজুড়ে ২০ হাজার কিলোমিটার নদী–নালা–খাল ও জলাধার খনন ও পুনঃখনন কর্মসূচি নিয়েছে।
এসএ