জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে আসন্ন ঈদুল ফিতরের প্রধান জামাত অনুষ্ঠিত হবে সকাল সাড়ে ৮টায়। তবে আবহাওয়া প্রতিকূল থাকলে প্রধান জামাত অনুষ্ঠিত হবে জাতীয় মসজিদ বায়তুল মোকাররম প্রাঙ্গণে।
সম্প্রতি ঈদুল ফিতর উদযাপন উপলক্ষে অনুষ্ঠিত আন্তঃমন্ত্রণালয় সভায় এ সিদ্ধান্ত হয়। সভা কার্যবিবরণী থেকে এ তথ্য জানা গেছে।
ধর্মবিষয়ক মন্ত্রণালয় সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন (কায়কোবাদ)।
সভার সিদ্ধান্তে বলা হয়েছে, আবহাওয়া অনুকূলে থাকলে জাতীয় ঈদগাহ প্রাঙ্গণে সকাল সাড়ে ৮টায় ঈদুল ফিতরের প্রধান জামায়াত আয়োজন করা হবে। আর আবহাওয়া প্রতিকূল হলে প্রধান জামায়াত সকাল ৯টায় বায়তুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে আয়োজনের ব্যবস্থা করতে হবে।
আবহাওয়া দুর্যোগপূর্ণ হলে ঈদের প্রধান জামাত বায়তুল মোকাররম মসজিদে স্থানান্তরের বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত দিতে ইসলামিক ফাউন্ডেশন মহাপরিচালক আহ্বায়ক করে ৬ সদস্যের কমিটি গঠন করে দেয়া হয়েছে।
সভায় আরও সিদ্ধান্ত নেয়া হয়েছে, ঈদুল ফিতরের প্রধান জামায়াতের ইমাম মনোনয়নের জন্য ইসলামিক ফাউন্ডেশন বিশিষ্ট ৩জন আলেম, পবিত্র কুরআন তেলাওয়াতের জন্য ৩ জন বিশিষ্ট ক্বারী ও ঈদের জামায়াত পরিচালনার জন্য ৩জন উপস্থাপকের তালিকা ধর্ম বিষয়ক মন্ত্রণালয় পাঠাবে ইসলামিক ফাউন্ডেশন।
এ তালিকা থেকে একজন ইমাম ও একজন বিকল্প ইমাম, একজন ক্বারী ও একজন বিকল্প ক্বারী এবং একজন উপস্থাপক ও একজন বিকল্প উপস্থাপক ধর্ম মন্ত্রণালয় মনোনয়ন দেবে।
মূলত ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন প্রধান ঈদ জামাত আয়োজনের দায়িত্বে রয়েছে।
উল্লেখ্য, চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২০ মার্চ বা ২১ মার্চ মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব ঈদুল ফিতর উদযাপিত হবে।
এসএ