মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬
মঙ্গলবার, ফেব্রুয়ারি ১০, ২০২৬

সম্পদ বিবরণী প্রকাশ করলেন প্রধান উপদেষ্টা

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
সম্পদ বিবরণী প্রকাশ: প্রধান উপদেষ্টার

অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে উপদেষ্টা পরিষদ ও সমমর্যাদাসম্পন্ন ব্যক্তিদের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।

মঙ্গলবার (১০ ফেব্রুয়ারি) মন্ত্রিপরিষদ বিভাগের এক প্রজ্ঞাপনের মাধ্যমে এ বিবরণী জনসমক্ষে আনা হয়।

প্রকাশিত হিসাব অনুযায়ী, প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের ৩০ জুন ২০২৫ তারিখে মোট সম্পদের পরিমাণ দাঁড়িয়েছে ১৫ কোটি ৬২ লাখ ৪৪ হাজার ৬৫ টাকা। ২০২৪ সালের ৩০ জুন তার সম্পদের পরিমাণ ছিল ১৪ কোটি ১ লাখ ৩৯ হাজার ৬৭৩ টাকা। মন্তব্যে জানানো হয়েছে, সঞ্চয়পত্র নগদায়ন, আমানতে বৃদ্ধি এবং উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত শেয়ারের কারণে এই পরিবর্তন এসেছে। এ ছাড়া তার স্ত্রী ড. আফরোজী ইউনূসের সম্পদের হিসাবও আলাদাভাবে তুলে ধরা হয়েছে।

এছাড়া মন্ত্রিপরিষদ বিভাগের তথ্য অনুযায়ী, শিক্ষা উপদেষ্টা ড. সি আর আবরার, আইন উপদেষ্টা ড. আসিফ নজরুলসহ প্রায় সব উপদেষ্টাই তাদের সম্পদের হিসাব দাখিল করেছেন। এ ছাড়া উপদেষ্টার পদমর্যাদায় থাকা লুৎফে সিদ্দিকী এবং ড. খলিলুর রহমানের সম্পদের হিসাবও প্রজ্ঞাপনে অন্তর্ভুক্ত করা হয়েছে। বিশেষত, . খলিলুর রহমান তার ও তার স্ত্রীর যৌথ সম্পদের বিবরণী দাখিল করেছেন।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, ২০২৪ সালের ১ অক্টোবর জারিকৃত বিশেষ নীতিমালা অনুযায়ী উপদেষ্টাদের ৩০ জুন ২০২৪ এবং ৩০ জুন ২০২৫ তারিখের সম্পদ বিবরণী প্রকাশ করা হয়েছে।

২০২৪ সালের আগস্টে দায়িত্ব গ্রহণের পরপরই জাতির উদ্দেশে দেয়া ভাষণে অধ্যাপক মুহাম্মদ ইউনূস প্রতিশ্রুতি দিয়েছিলেন, দ্রুততম সময়ের মধ্যে তার সরকারের সব উপদেষ্টার সম্পদের তথ্য প্রকাশ করা হবে। সেই ধারাবাহিকতায় আজ এই প্রজ্ঞাপন জারি করা হলো।

উল্লেখ্য, প্রধান উপদেষ্টা তার ভাষণে পর্যায়ক্রমে সব সরকারি কর্মকর্তার জন্য সম্পদের বিবরণ দাখিল নিয়মিত ও বাধ্যতামূলক করার প্রতিশ্রুতি দিয়েছিলেন।

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More