গাইবান্ধা জেলার পলাশবাড়ী উপজেলায় গাছে উঠে পছন্দের দলের পতাকা টানাতে গিয়ে অজ্ঞান হয়ে পড়েন শামিম (৩০) নামে এক পর্তুগাল সমর্থক যুবক। পরে ফায়ার সার্ভিসের সহায়তায় তাকে উদ্ধার করা হয়।
শনিবার (১৩ জুন) দুপুরে উপজেলার উপজেলার পৌর শহরের বৈরী হরিনমারী গ্রামে এ ঘটনা ঘটে। পছন্দের ফুটবল দল পর্তুগালের পতাকা টানাতে কদম গাছে উঠেছিলেন শামিম।
পলাশবাড়ি ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন অফিসার (এসও) মোহাম্মদ লোকমান হাকিম বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয় সূত্র জানায়, দুপুর সাড়ে ১১টার দিকে বিশ্বকাপ ফুটবল উন্মাদনাকে ঘিরে নিজ পছন্দের দলের (পর্তুগাল) পতাকা নিয়ে কদম গাছে উঠেন শামীম। গাছে উঠে হঠাৎ সেখানেই তিনি জ্ঞান হারান এবং গাছের উপরেই হেলে ডালে আটকে পড়েন। বিষয়টি দেখতে পেয়ে স্থানীয়রা দ্রুত ফায়ার সার্ভিস খবর দেন।
খবর পেয়ে পলাশবাড়ি ফায়ার সার্ভিসের একটি উদ্ধারকারী দল ঘটনাস্থলে পৌঁছে গাছ থেকে অজ্ঞান অবস্থায় শামীম‘কে নিরাপদে নিচে নামিয়ে আনেন। পরে তার প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।
পলাশবাড়ী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) মোহাম্মদ লোকমান হাকিম বলেন, ‘খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ঘটনাস্থলে পৌঁছে ওই যুবককে উদ্ধার করা হয়েছে। প্রাথমিক চিকিৎসার পর বর্তমানে তিনি সুস্থ আছেন।’
উল্লেখ্য, ফুটবল বিশ্বকাপ কেন্দ্র করে দেশজুড়ে পতাকা টানানোর প্রবণতা বাড়ছে। বিশেষ করে উঁচু গাছ, বৈদ্যুতিক খুঁটি ও ভবনের ছাদে উঠে পতাকা লাগানোর সময় বিভিন্ন দুর্ঘটনার ঘটনাও ঘটছে।
এসএ