রবিবার, এপ্রিল ১৯, ২০২৬
রবিবার, এপ্রিল ১৯, ২০২৬

অতীতে কেউ ছাত্রলীগ করলেও এনসিপিতে যোগ দিতে পারবে: নাহিদ ইসলাম

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক—এটা আমাদের কাছে মুখ্য নয়।

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, অতীতে কেউ ছাত্রদল করুক, ছাত্রশিবির করুক, ছাত্রলীগ করুক—এটা আমাদের কাছে মুখ্য নয়। আজ থেকে যখন কেউ এনসিপিতে আসবেন তিনি এনসিপির সংগঠক, এনসিপির নেতাকর্মী হিসেবে কাজ করবেন।

রবিবার (১৯ এপ্রিল) দুপুরে বাংলামোটর দলটির অস্থায়ী কেন্দ্রীয় কার্যালয়ে বিভিন্ন রাজনৈতিক প্ল্যাটফর্মের নেতাদের এনসিপিতে যোগদান উপলক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, ফ্যাসিবাদী কর্মকাণ্ডে জড়িত, গণহত্যায় অংশগ্রহণকারী, চাঁদাবাজি বা দুর্নীতির অভিযোগে অভিযুক্ত অপরাধীরা কখনোই এনসিপিতে যোগ দিতে পারবেন না।

নাহিদ ইসলাম বলেন, যারা এনসিপির গঠনতন্ত্র অনুযায়ী দায়িত্বশীল রাজনীতি প্রতিষ্ঠা করতে চান এবং বৈষম্যহীন গণতান্ত্রিক বাংলাদেশ গড়তে আগ্রহী, তাদের নিয়েই দল সামনে এগোতে চায়।

তিনি বলেন, জুলাই গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করে আগামীর রাজনীতি বিনির্মাণই এনসিপির লক্ষ্য।

তিনি আরও বলেন, আজ যারা দলে যোগ দিচ্ছেন, আমরা মনে করি তারা আমাদের সঙ্গেই এতদিন ছিলেন। আমরা একসঙ্গেই ছিলাম, হয়তো প্ল্যাটফর্ম ভিন্ন ছিল। আজ আমরা আনুষ্ঠানিকভাবে একত্রিত হচ্ছি এবং সারাদেশের তরুণদের পাশাপাশি সব বয়সী মানুষকে আহ্বান জানাচ্ছি এনসিপির হাত শক্তিশালী করুন, এনসিপিতে যোগ দিন।

এনসিপি আহ্বায়ক বলেন, বাংলাদেশে নতুন কোনো স্বৈরতন্ত্রের যাতে উদ্ভব না ঘটে এজন্য তরুণদের ভূমিকা রাখতে হবে। জনগণ যে সংস্কারের পক্ষে রায় দিয়েছে, তা বাস্তবায়ন করতে হবে।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More