বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান অভিযোগ করেছেন, একটি বিশেষ মহল সোশ্যাল মিডিয়া হ্যাক করে মিথ্যা তথ্য ছড়িয়ে দলের নির্বাচনি প্রচারণাকে কলঙ্কিত করার অপচেষ্টা চালাচ্ছে।
রবিবার (১ ফেব্রুয়ারি) ডা. শফিকুর রহমান তার ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে বলেন, আমাদের দলের ইশতেহার প্রথম দিন থেকেই পরিষ্কার। জামায়াত চায় নারীরা শিক্ষা, স্বাস্থ্যসেবা, প্রশাসন, উদ্যোক্তা কার্যক্রম ও জনসেবায় সক্রিয় ও সম্মানজনক ভূমিকা পালন করুক।
তিনি বলেন, আমাদের ইশতেহারে মেয়েদের নিরবচ্ছিন্ন শিক্ষা, নিরাপদ ক্যাম্পাস, যৌন হয়রানির বিরুদ্ধে জিরো টলারেন্স, প্রতিটি জেলায় নারী–কেন্দ্রিক স্বাস্থ্যসেবা, সমান মজুরি, নিরাপদ কর্মপরিবেশ, শিশু যত্ন সহায়তা এবং মর্যাদাপূর্ণ কর্মসংস্থানের জন্য দক্ষতা প্রশিক্ষণের প্রতিশ্রুতি রয়েছে।
জামায়াত আমির আরও বলেন, রাজনীতি ও স্থানীয় সরকারে নারীর নেতৃত্ব, গ্রামীণ নারীর অর্থনৈতিক ক্ষমতায়ন, শক্তিশালী আইনি সুরক্ষা এবং সামাজিক মর্যাদার পক্ষে দল সুস্পষ্ট অবস্থান নিয়েছে।
তিনি দাবি করেন, এসব অবস্থান নতুন নয়। কয়েক মাস আগেই তিনি প্রকাশ্যে এসব নীতি তুলে ধরেছেন এবং গত ২০ জানুয়ারি অনুষ্ঠিত ‘পলিসি সামিটে’ তা পুনর্ব্যক্ত করেছেন। এগুলো কোনো গুজব বা অনলাইন চাপের প্রতিক্রিয়া নয়, বরং দীর্ঘদিনের ধারাবাহিক দৃষ্টিভঙ্গির প্রতিফলন।
তিনি বলেন, আমাদের রেকর্ড, নীতি ও ইশতেহারের ভিত্তিতেই জামায়াত ইসলামীকে বিচার করা উচিত, মিথ্যা বয়ানের মাধ্যমে নয়।