বিএনপি চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, যাদের কাছে নারীদের সম্মান নেই, তাদের কাছে দেশ নিরাপদ হতে পারে না।
সোমবার (২ ফেব্রুয়ারি) খুলনা নগরীর খালিশপুরের প্রভাতী স্কুল মাঠে নির্বাচনি জনসভায় প্রধান অতিথি বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
তারেক রহমান বলেন, তারা সুযোগ পেলে নারীদের কেমন অপমান করবে, তা ৭১ সালে আমরা দেখেছিলাম। নারীদের পিছিয়ে রেখে দেশ এগিয়ে নেয়া সম্ভব নয়।
তিনি বলেন, তাদের (জামায়াত) দলেও নারী আছে, তারা তো ঘর থেকে বের হচ্ছেন। তাহলে তাদের পরিচয় কী? এখন নারীদের চিন্তা করতে হবে, তাদের (জামায়াত) কীভাবে জবাব দেবে।
তিনি আরও বলেন, দেশে অন্যতম একটি দলের প্রধান নেতা মিথ্যা বলতে পারে? তাদের আইডি না কি হ্যাক হয়ে গিয়েছিল। এরা মিথ্যাবাদী। এরা মিথ্যা বলে প্রতারণা করে। এরা আর যাই হোক দেশের জনগণের হতে পারে না, দেশের কল্যাণ করতে পারে না।
তারেক রহমান বলেন, একটি মহল বলার চেষ্টা করছে, ভোট গণনায় সময় লাগবে। ষড়যন্ত্র আবার শুরু হয়েছে। যারা নারীদের হেয় করছে, মিথ্যা বলছে তারাই আবার ষড়যন্ত্র করছে। ছলচাতুরীর চেষ্টা করছে। সবাইকে সজাগ থাকতে হবে।
বিএনপি চেয়ারম্যান বলেন, দেশকে পুনর্গঠনের প্রতীক ‘ধানের শীষ‘। দেশের আইনশৃঙ্খলা রক্ষা করার অভিজ্ঞতা বিএনপি‘র আছে। একইসঙ্গে দুর্নীতির করাল গ্রাস থেকে বের করার অভিজ্ঞতা আছে।
তিনি বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান মুক্তিযুদ্ধের ডাক দিয়েছিলেন, বহুদলীয় গণতন্ত্র চালু করেছিলেন। খালেদা জিয়া সংসদীয় গণতন্ত্র চালু করেছিলেন। এটি প্রমাণ করে, বিএনপি জনগণের জন্য কাজ করে।
এসএ