দেশের নারী ক্রিকেটের জনপ্রিয়তা ও মানোন্নয়নের লক্ষ্যে প্রথমবারের মতো নারী বিপিএল আয়োজনের করতে যাচ্ছে বিসিবি। তিনটি দল নিয়ে আগামী ৪ থেকে ১৪ এপ্রিল পর্যন্ত মাঠে গড়াবে নারী বিপিএলের উদ্বোধনী আসর।
প্রথম আসরের ভেন্যু হিসেবে থাকবে ঢাকার মিরপুর ক্রিকেট স্টেডিয়াম এবং চট্টগ্রামের শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়াম।
সবকিছু ঠিক থাকলে আগামী ১৪ মার্চ হবে তিন দলের টুর্নামেন্টের প্লেয়ার্স ড্রাফট। এজন্য স্থানীয় ক্রিকেটারদের মোট পাঁচটি ক্যাটাগরিতে ভাগ করা হয়েছে।
জাতীয় দলের তিন ক্রিকেটারকে এই তালিকায় রাখা হবে আইকন হিসেবে এবং তারাই নেতৃত্ব দেবেন তিন দলকে। তাদের পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছে সর্বোচ্চ ১০ লাখ টাকা।
ড্রাফটে স্থানীয়দের দ্বিতীয় সর্বোচ্চ এ‘ক্যাটাগরিতে থাকবেন ছয় জন ক্রিকেটার, তাদের পারিশ্রমিক সাত লাখ টাকা। বি‘ ক্যাটাগরিতে থাকা ১২ জন ক্রিকেটারের জন্য নির্ধারিত পারিশ্রমিক পাঁচ লাখ টাকা করে।
ড্রাফটের আগে ফ্র্যাঞ্চাইজিগুলো চাইলে বিদেশি ক্রিকেটারদের সঙ্গে সরাসরি চুক্তি করতে পারবে। সেক্ষেত্রে সর্বোচ্চ ৮ হাজার থেকে সর্বনিম্ন ৩ হাজার মার্কিন ডলার হবে পারিশ্রমিক।