লিওনেল মেসিকে দেখা গেল একটু ভিন্ন আবহে। অনুশীলনের ব্যস্ততা থেকে সময় বের করে সতীর্থ রদ্রিগো ডি পলকে নিয়ে হাজির হয়েছিলেন হেয়ার স্টাইলিস্টের কাছে। সেখানে নতুন করে সাজিয়ে নিয়েছেন নিজেদের পরিচিত লুক।
অবশ্য মেসির পরিবর্তন খুব নাটকীয় নয়। বিশ্বকাপে কিছুটা বড় চুল নিয়ে এসেছিলেন আর্জেন্টাইন অধিনায়ক। এবার সেটিকে ছেঁটে ফিরেছেন তার বহুদিনের পরিচিত, পরিপাটি স্টাইলে।
সামাজিক মাধ্যমে দুজনের নতুন লুকের ছবি প্রকাশ করেছেন আর্জেন্টিনা দলের দীর্ঘদিনের হেয়ারস্টাইলিস্ট ড্যানি আলে ।
মেসির সঙ্গে ছিলেন তার ঘনিষ্ঠ বন্ধু ডি পলও। তবে মিডফিল্ডারের নতুন লুকেও ছিল পরিমিতির ছাপ। ছোট করে ছাঁটা চুলের ক্লাসিক স্টাইলই বেছে নিয়েছেন তিনি।
ড্যানি আলের প্রকাশ করা ছবিতে দুজনকেই দেখা গেছে হাস্যোজ্জ্বল ও নির্ভার মেজাজে। মাঠের বাইরে স্বস্তির সেই মুহূর্ত যেন দলের আত্মবিশ্বাসেরই প্রতিফলন।
অস্ট্রিয়ার বিপক্ষে জয় পেলে শেষ ৩২–এ ওঠার পথ আরও সহজ হয়ে যাবে আলবিসেলেস্তেরা। সেই ম্যাচের আগে নতুন চেহারায় যেন নতুন উদ্যমেই প্রস্তুত মেসি ও ডি পল।
উল্লেখ্য, ডালাস স্টেডিয়ামে বাংলাদেশ সময় সোমবার রাত ১১টায় শুরু হবে আর্জেন্টিনা–অস্ট্রিয়া ম্যাচ।
এসএ