
দ্বাদশ জাতীয় নির্বাচনে ভোট পড়েছে ৪০ শতাংশ : সিইসি

দ্বাদ্বশ জাতীয় সংসদ নির্বাচনে সারা দেশে গড়ে ৪০ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার কাজী হাবিবুল আউয়াল। তবে চূড়ান্তভাবে সেটি বাড়তে বা কমতে পারে।
রোববার (৭ জানুয়ারি) বিকেলে আগারগাঁও নির্বাচন কমিশন (ইসি) ভবনে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।
সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু হয়ে একটানা বিকেল ৪টা পর্যন্ত চলে। বড় ধরনের কোনো সহিংসতা ছাড়া বিচ্ছিন্ন কিছু ঘটনার মধ্য দিয়ে সারা দেশে ভোটগ্রহণ শেষ হয়।
সিইসি বলেন, সকালে আমরা শান্তিপূর্ণ অবস্থা দেখেছি। পরে টিভির তথ্য থেকে মনে হয়েছে সহিংসতার মতো গুরুতর ঘটনা ঘটেনি। তারপরও যা ঘটেছে আমরা ব্যবস্থা নিয়েছি। আমরা গ্রেপ্তার করেছি, মামলা করেছি। শেষ মুহূর্তে দুজন নির্বাচনী কর্মকর্তা মারা গেছেন। হৃদরোগে আক্রান্ত হয়ে তারা মারা যান। সেজন্য তাদের প্রতি সমবেদনা জানাই।
তিনি আরও বলেন, এখনও চূড়ান্ত পার্সেন্টিজ হয়নি। তবে আমরা যে তথ্য পেয়েছি তাতে ৪০ শতাংশ ভোট পড়েছে। এন্ট্রি হয়েছে যতটুকু সেটি অনুযায়ী ৪০ শতাংশ। এটি বাড়তে পারে, নাও বাড়তে পারে।
সংবাদ সম্মেলনে ব্রিগেডিয়ার জেনারেল মো. আহসান হাবিব খান (অব.), বেগম রাশেদা সুলতানা, মো. আলমগীর, আনিছুর রহমান, ইসি সচিব মো. জাহাংগীর আলম উপস্থিত ছিলেন।
এসএ/দীপ্ত নিউজ






এই সংবাদে মন্তব্য গ্রহণ বন্ধ আছে।