মালয়েশিয়া ও চীন সফর শেষে দেশে ফিরেই বাবা ও মায়ের কবর জিয়ারত করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
শনিবার (২৭ জুন) সকালে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মাজারে শ্রদ্ধা নিবেদন করেন তিনি।
শুক্রবার বাংলাদেশ সময় রাত ৭টা ৪৫ মিনিটে চায়না সাউদার্ন এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করেন। বেইজিংয়ের স্থানীয় সময় বিকাল ৫টা ১৬ মিনিটে তিনি ঢাকার উদ্দেশে রওনা হন।
গত ২১ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে রাষ্ট্রীয় সফরে ঢাকা ত্যাগ করেছিলেন প্রধানমন্ত্রী। মালয়েশিয়া সফর শেষে গত সোমবার রাতে তিনি চীনের দালিয়ানে পৌঁছান এবং সেখানে বিশ্ব অর্থনৈতিক ফোরামের গ্রীষ্মকালীন অধিবেশনে যোগ দিয়ে বিশ্বনেতাদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন। দালিয়ান থেকে বুধবার দুপুরে চীনের ঐতিহ্যবাহী হাইস্পিড ট্রেনে চড়ে বেইজিং যান তিনি।
বেইজিংয়ে চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে তারেক রহমানের অত্যন্ত গুরুত্বপূর্ণ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। শুক্রবার স্থানীয় সময় সকালে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গেও বৈঠক করেন তিনি।
এ ছাড়া, চীনের ন্যাশনাল পিপলস কংগ্রেসের স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান ঝাও লেজির সঙ্গেও তার সৌজন্য সাক্ষাৎ হয়। বেইজিংয়ে বাংলাদেশের ব্যবসা ও বাণিজ্য প্রসারের লক্ষ্যে আয়োজিত একটি মেগা বিনিয়োগ সম্মেলনেও অংশ নেন প্রধানমন্ত্রী।