দিনাজপুরের ঘোড়াঘাটে মালবাহী ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে তিন মোটরসাইকেল আরোহীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ৮টা ৫৫ মিনিটে ঘোড়াঘাট উপজেলার রানীগঞ্জ বাজার বড় মসজিদের সামনে এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, দিনাজপুরগামী ঢাকা মেট্রো–ট ২৪–২৫৫৯ নম্বরের একটি মালবাহী ট্রাক রানীগঞ্জ বাজার এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেল লোকাল রোড থেকে পাকা সড়কে ওঠার সময় ট্রাকটির সঙ্গে সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলটি ছিটকে পড়ে যায় এবং ঘটনাস্থলেই একজন নিহত হন।
পরে গুরুতর আহত অবস্থায় বাকি দুই আরোহীকে ঘোড়াঘাট (ওসমানপুর) উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদেরও মৃত ঘোষণা করেন।
নিহতরা হলেন— আল আমিন (১৫), উপজেলার ঘোড়াঘাট উপজেলার নুরপুর গ্রামের মোশাররফ হোসেনের ছেলে। সৈকত (১৬) একই উপজেলার মোকলেসপুর গ্রামের সলিমুদ্দিনের ছেলে। আব্দুর কাইয়ুম (২০) একই উপজেলার আফসারাবাদ কলোনী গ্রামের সমেশ উদ্দিন ছেলে।
ঘোড়াঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, ‘মোটরসাইকেলে থাকা তিন আরোহীর কারো মাথায় হেলমেট ছিল না। লোকাল সড়ক থেকে মহাসড়কে ওঠার সময় ট্রাকের সঙ্গে ধাক্কা লাগে। ঘটনাস্থলেই একজন মারা যান এবং হাসপাতালে নেওয়ার পর আরও দুজনের মৃত্যু হয়।‘
তিনি আরও বলেন, ‘দুর্ঘটনাকবলিত ট্রাক ও মোটরসাইকেল পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে। মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে।‘
সুলতান মাহমুদ