দাঁড়িপাল্লা মার্কায় ভোট না দিলে গুনাহ হবে এবং ভোট দিলে জান্নাত অবধারিত’— বলে মন্তব্য করেছেন লক্ষ্মীপুর–৪ (রামগতি–কমলনগর) আসনে ‘দাঁড়িপাল্লা‘ প্রতীক প্রার্থী এ আর হাফিজ উল্যাহ।
রবিবার (৮ ফেব্রুয়ারি) তার এমন বক্তব্যের ভিডিও সামাজিক মাধ্যম ফেসবুকে ভাইরাল হয়েছে।
ভিডিটিতে দেখা যায় মাইক হাতে হাফিজ উল্যাহ বলছেন, ‘মা–বোনদের জন্য বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মাতৃকালীন ভাতা আছে, প্রতিবন্ধী ভাতা আছে। এগুলো কি আপনারা পান..? এগুলো পান না। তারপর জেলে কার্ড আছে। সেগুলো পাওয়া যায় না। আপনাদের কাছে অনুরোধ করবো, একদল দুর্নীতি করতে করতে শেষ, আরেকদল বিগত দিনে দুর্নীতি করেছে, আবার করতে রেডি হচ্ছে।
তিনি আরও বলেন, আপনাদের কাছে অনুরোধ, আমাদের দ্বারা দুর্নীতি হবে না। আমি বলতে চাই, আপনারা যদি ইসলামের পক্ষে কোরআনের পক্ষে দাঁড়িপাল্লা মার্কায় ভোট দেন, আপনারা সোয়াবের ভাগী হবেন, আপনাদের জন্য জান্নাত অবধারিত। আর যদি কোরআনের বিরুদ্ধে ভোট দেন তাহলে গুনাহগার হবেন। ওরা ভোট দেওয়ার পর নির্বাচিত হলে টেন্ডারবাজি, চাঁদাবাজি করবে এবং রাস্তার টাকা মেরে খাবে, প্রজেক্টের টাকা মেরে খাবে, এটা হইলো তাদের কাজ।’
‘দাঁড়িপাল্লা‘ প্রার্থী এ আর হাফিজ উল্যাহ‘র এমন বক্তব্যে ফেসবুকে বইছে সমালোচনার ঝড়।
ইমরান হোসেন শাকিল কমেন্ট করেন– দাঁড়িপাল্লায় ভোট দিলে জান্নাত অবধারিত! না দিলে গুনাহ্ হবে –জামায়াত প্রার্থী এআর হাফিজ উল্লাহ (নাউজুবিল্লাহ্)।
শাহ আলম সম্রাট লিখেন, দাঁড়িপাল্লার এমপি প্রার্থীরা জান্নাতের মালিকানা দাবি করে সবাইকে বলে নিশ্চিত জান্নাত দিবে, নাউজুবিল্লাহ।
মো. মাইন উদ্দীন লিখেন–তারা এভাবে দেশের সাধারণ মানুষকে ধোঁয়া দিচ্ছে। হাফিজ ভাই এভাবে আর কত আপনারা মানুষকে ধোকা দিবেন.?
এ ব্যাপারে জামায়াত প্রার্থী এআর হাফিজ উল্যাহ বলেন, ‘আমাদের ইন্টার্নাল একটা প্রোগ্রাম ছিল। বক্তব্যতো অনেকগুলোই দিয়েছি, কাটছাঁট করে সেখান থেকে এনে মিলিয়ে দিয়েছে। আমি এরকম বক্তব্য দিইনি।’
এসএ