তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের বাংলাদেশ সফর আগেই চূড়ান্ত ছিলো। তবে সিরিজের সূচি নিয়ে এত দিন আনুষ্ঠানিক কিছু জানায়নি বিসিবি।
অবশেষে শুক্রবার ওয়ানডে সিরিজের পূর্ণাঙ্গ সূচি প্রকাশ করেছে দেশের ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা।
এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, সিরিজ খেলতে আগামী ৯ মার্চ ঢাকায় পা রাখবে পাকিস্তান দল। পরদিন ১০ মার্চ মিরপুরে দলীয় অনুশীলনে করবে সফরকারীরা। এরপর ১১ মার্চ একই ভেন্যুতে, বাংলাদেশের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মাঠে নামবে পাকিস্তান। সিরিজের বাকি দুটি ম্যাচের খেলা হবে একই ভেন্যুতে, ১৩ ও ১৫ মার্চ। সবক‘টি ম্যাচই শুরু হবে বাংলাদেশ সময় দুপুর সোয়া ২টায়।
এর আগে সবশেষ ২০২৫ সালের জুলাইয়ে বাংলাদেশ সফর করেছিলো পাকিস্তান। সেবার তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজে সালমান আলি আগার নেতৃত্বাধীন দলটিকে ২–১ ব্যবধানে হারিয়েছিলো স্বাগতিকরা।