চট্টগ্রাম শহরের সীতাকুণ্ড উপজেলার একটি তেলের ডিপোতে অভিযান চালিয়ে মজুদকৃত ৩টি লরি ট্যাংক থেকে ২৫ হাজার লিটার অবৈধ ডিজেল উদ্ধার করেছে ভ্রাম্যমাণ আদালত।
সোমবার (৩০ মার্চ) রাতে উপজেলা সলিমপুর সিডিএ আবাসিক গেট সংলগ্ন এলাকায় যৌথভাবে এ অভিযান পরিচালনা করে জেলা প্রশাসন ও বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বিপিসি)।
অভিযানে নেতৃত্ব দেন সীতাকুণ্ড উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ফখরুল ইসলাম।
স্থানীয়রা জানান, দিনের বেলায় ডিপোটির কার্যক্রম সীমিত থাকলেও রাতের আঁধারে তেল আনা–নেওয়া হতো বেশি। দীর্ঘদিন ধরে একটি প্রভাবশালী সিন্ডিকেট চক্র উক্ত ডিপো কেন্দ্র করে অবৈধ জ্বালানি তেল মজুত ও সরবরাহ করে আসছিল।
উপজেলা নির্বাহী অফিসার মো. ফখরুল ইসলাম বলেন, মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি কেন্দ্র করে কেউ যাতে তেল সংকট তৈরি করতে না পারে এজন্য আগামীতে আরও কঠোর অভিযান চলবে।
সীতাকুণ্ড মডেল থানার অফিসার ইনচার্জ মো. মহিনুল ইসলাম জানান, অবৈধ মজুত ও ব্যবসার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে খুব দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়ার হবে।
এসএ