শিক্ষার্থীদের দক্ষ নাগরিক হিসেবে গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করে শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, বর্তমান বিশ্বে শুধু ডিগ্রি অর্জনই যথেষ্ট নয়; বরং আন্তর্জাতিক শ্রমবাজারে প্রতিযোগিতায় টিকে থাকতে হলে প্রযুক্তিগত জ্ঞান ও কারিগরি দক্ষতা অর্জন করা অপরিহার্য।
সোমবার (১৩ এপ্রিল) বিকেলে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) ইনস্টিটিউশনাল কোয়ালিটি অ্যাসুরেন্স সেলের (আইকিউএসি) আয়োজনে ‘সিরিমনি অন সাবমিশন অফ ইনটেন্ট টু অ্যাপ্লাই ফর ব্যাক অ্যাক্রেডিটেশন’ শীর্ষক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
বিশ্ববিদ্যালয়ে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম একাডেমিক ভবনের অধ্যাপক মোহাম্মদ শরিফ হোসেন গ্যালারিতে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। যবিপ্রবির ১৪টি বিভাগ বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতির জন্য আবেদন করা উপলক্ষ্যে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের উদ্ভাবনী ও গবেষণামুখী পরিবেশের প্রশংসা করে শিক্ষামন্ত্রী বলেন, ‘যবিপ্রবি দেশের অন্যতম সেরা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হিসেবে দ্রুত এগিয়ে যাচ্ছে। এই অগ্রযাত্রা ও গবেষণার ধারা বজায় রাখতে সরকারের পক্ষ থেকে সর্বোচ্চ সহায়তা দেওয়া হবে।’
তিনি বলেন, বাংলাদেশ অ্যাক্রেডিটেশন কাউন্সিলের স্বীকৃতির লক্ষ্য নিয়ে যবিপ্রবির এই পদক্ষেপ প্রশংসনীয়। ভবিষ্যতে বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগ এই স্বীকৃতি অর্জন করবে এবং বৈশ্বিক মানদ–ে যবিপ্রবি নিজের অবস্থান সুসংহত করবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
শিক্ষার্থীদের উদ্দেশে ড. মিলন বলেন, ‘তোমাদের জ্ঞান ও গবেষণার মাধ্যমে জাতির প্রতি দায়বদ্ধতা পালন করতে হবে। দায়বদ্ধতা থেকেই প্রকৃত দেশপ্রেমের সূচনা হয়। নিজেদের এমনভাবে গড়ে তোলো যেন তোমরা সম্পদে পরিণত হও এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দেশের উন্নয়নে ভূমিকা রাখতে পারো।’