নাটোর জেলার সিংড়া উপজেলায় মাটির নিচে অবৈধভাবে মজুত করা প্রায় ১০ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার করেছে উপজেলা প্রশাসন। এ ঘটনায় রুবেল হোসেন নামে এক জ্বালানি তেল ব্যবসায়ী‘কে ৫ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
শনিবার (৭ মার্চ) দুপুর ২টায় সিংড়া পৌরসভার নিংগইন এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত।
জানা যায়, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংড়া পৌরসভার নিংগইন ভাটোপাড়া মহল্লার একটি মসজিদের দক্ষিণ পাশে বাঁশঝাড়ের মধ্যে মাটির নিচে পানির ট্যাংকি বসিয়ে জ্বালানি তেল মজুদ করে রাখা হয়েছে এমন খবর পেয়ে ঘটনাস্থলে অভিযান চালায় প্রশাসন। এ সময় মাটির নিচে স্থাপন করা ট্যাংকি থেকে ১০ হাজার লিটার ডিজেল তেল উদ্ধার করা হয়।
এ ঘটনায় জ্বালানি তেল ব্যবসায়ী মো. রুবেল (৩৪)-কে ডিজেল তেল অবৈধভাবে মজুদ করে রাখার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি তাকে রবিবারের মধ্যে উদ্ধার করা ডিজেল তেল বৈধভাবে দোকানে স্থানান্তরের নির্দেশ দেয়া হয়।
এ বিষয়ে সিংড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল রিফাত বলেন, অবৈধভাবে জ্বালানি তেল মজুদ করে কৃত্রিম সংকট সৃষ্টি করার কোনো সুযোগ নেই। এ ধরনের কর্মকাণ্ডের বিরুদ্ধে প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
অভিযানকালে সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. শাহাদত হোসেন, উপজেলা কৃষি কর্মকর্তা খন্দকার ফরিদ, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা মো. তাশরিফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।
এসএ