শুক্রবার, মার্চ ১৩, ২০২৬
শুক্রবার, মার্চ ১৩, ২০২৬

গণপরিবহন ১৫ মার্চ থেকে যতটুকু প্রয়োজন ততটুকু জ্বালানি পাবে: সড়কমন্ত্রী

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক
ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ১৫ মার্চ থেকে গণপরিবহন যতটুকু প্রয়োজন তারা ততটুকু জ্বালানি তেল পাবে বলে জানিয়েছেন সড়কমন্ত্রী শেখ রবিউল আলম।

ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে ১৫ মার্চ থেকে গণপরিবহন যতটুকু প্রয়োজন তারা ততটুকু জ্বালানি তেল পাবে বলে জানিয়েছেন সড়ক ও সেতু, রেল এবং নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম।

শুক্রবার (১৩ মার্চ) সকালে ঈদ উপলক্ষ্যে ট্রেনযাত্রা শুরুর প্রথম দিনে কমলাপুর রেলওয়ে স্টেশন পরিদর্শনে শেষে মন্ত্রী এই তথ্য জানান।

মন্ত্রী বলেন, ঈদযাত্রা নির্বিঘ্নে করতে সব রকম প্রস্তুতি নেয়া হয়েছে। পাবলিক পরিবহন যেগুলো আছে, ১৫ তারিখ থেকে যতটুকু প্রয়োজন তারা ততটুকু তেল পাবে। জ্বালানি মন্ত্রী আমাকে এনশিওর করেছেন। তেলের দাম বাড়ানো হবে না, যার ফলে গাড়ি ভাড়াও বাড়ছে না।

তিনি বলেন, তেল সংক্রান্ত দুর্ভোগ হওয়ার সম্ভাবনা আমি দেখছি না। রেশনিক ব্যবস্থা ১৫ তারিখের পর থেকে পুনর্বিবেচনা করা হবে।

শেখ রবিউল আলম বলেন, প্রধানমন্ত্রী রেল যোগাযোগ যুগোপযোগী ও জনবান্ধব করতে নির্দেশনা দিয়েছেন, যাতে মানুষ স্বল্প সময়ে স্বাচ্ছন্দ্যে দীর্ঘ দূরত্বে যাতায়াত করতে পারে। সেই লক্ষ্যেই সরকার রেল যোগাযোগব্যবস্থায় আমূল পরিবর্তনের জন্য কাজ করছে।

রেলমন্ত্রী বলেন, ট্রেনের বড় কোনো শিডিউল বিপর্যয় এড়াতে অন্তত ৮৫ থেকে ৮৭টি লোকোমোটিভ প্রয়োজন। বর্তমানে ৭৮টি লোকোমোটিভ যুক্ত করা গেছে এবং আগামী ২ দিনের মধ্যে আরও কয়েকটি যুক্ত হলে পরিস্থিতি আরও স্বাভাবিক হবে।

তিনি আরও বলেন, বিরোধীদলকে ধৈর্য্য ধরতে হবে। ১৭ বছরে দেশ যে ধংসযজ্ঞ অবস্থায় পৌঁছে গিয়েছিল সেখান থেকে কাটিয়ে উঠতে সময় লাগবে। মাত্র সরকার আসছে, কিছুটা সময় দিন, তারপরও কাজ করতে যদি বিএনপি ব্যর্থ হয় এরপর সমালোচনা করুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন– রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, সচিব মো. ফাহিমুল ইসলাম, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক মো. আফজাল হোসেনসহ অন্যান্য কর্মকর্তারা।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More