জুলাই বিপ্লবের ভিডিও ও স্থিরচিত্র সংরক্ষণের উদ্যোগ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

১৫ জুলাই থেকে ৮ই আগস্ট পর্যন্ত সংগঠিত জুলাই বিপ্লবের তথ্য এবং চিত্র সংরক্ষণে আন্দোলনের ভিডিও ও স্থিরচিত্র সংরক্ষণের উদ্যোগ নিয়েছে তথ্য অধিদপ্তর।

সোমবার (১৪ অক্টোবর) মন্ত্রণালয় থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘জুলাই–আগস্টে বিশ্বব্যাপী সাড়া জাগানো বাংলাদেশের ছাত্র–জনতার অভাবনীয় বৈষম্যবিরোধী আন্দোলন ও জুলাই বিপ্লবের ঘটনাপ্রবাহের অডিও–ভিজ্যুয়াল ডকুমেন্ট ও স্থিরচিত্র ভবিষ্যৎ প্রজন্মের জন্য দীর্ঘমেয়াদী সংরক্ষণের উদ্যোগ নিয়েছে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়াধীন তথ্য অধিদপ্তর।’

এই আন্দোলন ও বিপ্লবের কোনো ভিডিও ফুটেজ বা স্থিরচিত্র যদি কারও সংগ্রহে থাকে, তাহলে তা সংক্ষিপ্ত বর্ণনাসহ pidjuly2024@gmail.com এই ইমেইল ঠিকানায় পাঠানোর আহ্বান জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, একটি ফ্যাসিবাদমুক্ত, গণতান্ত্রিক ও আত্মমর্যাদাপূর্ণ জাতি হিসেবে বিশ্বের কাছে মাথা উঁচু করে দাঁড়ানোর প্রত্যয়দীপ্ত নতুন বাংলাদেশের স্বপ্ন দেখিয়েছে এই বিপ্লব। এই আন্দোলনের সাথে যুক্ত ছিল আপামর ছাত্র–জনতা। স্বপ্নের বাংলাদেশ গড়তে অকাতরে প্রাণ বিসর্জন দিয়েছে শিশু–কিশোর–ছাত্র–জনতা। রক্তাক্ত জুলাইয়ের দুর্বিষহ নৃশংসতা ও এর বীরত্বগাথা যথাযথ সংরক্ষণের অভাবে হারিয়ে যেতে পারে। ‘আপনার সংগ্রহে থাকা বিপ্লবের ভিডিও ও স্থিরচিত্র আমাদের জাতীয় সম্পদ। এ সম্পদ সংরক্ষণে অবদান রাখুন আপনিও’।

 

এসএ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More