জামালপুরের ডিসিকে প্রত্যাহার করতে ইসির চিঠি

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

 

জামালপুরের ডিসি মো. ইমরান আহমেদকে প্রত্যাহার করতে মন্ত্রিপরিষদ বিভাগে চিঠি দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

বুধবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে মন্ত্রিপরিষদ বিভাগে সচিবকে দেওয়া চিঠির কথা ইসির জনসংযোগ শাখার সহকারী পরিচালক মো. আশাদুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

চিঠিতে উল্লেখ আছে, জামালপুরের ডিসি ইমরান আহমেদ স্থানীয় সংসদ সদস্য মির্জা আজমের উপস্থিতিতে জনবহুল এক সভায় বক্তব্য রাখেন। যেখানে আওয়ামী লীগকে পুনরায় নির্বাচিত করে ক্ষমতায় আনার আহ্বান জানান তিনি। সেই বক্তব্য সম্প্রতি বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছে। একই সঙ্গে তিনি স্থানীয় সংসদ সদস্য মির্জা আজমকে আগামী নির্বাচনের পর মন্ত্রী হিসেবে দেখার আশা প্রকাশ করেছেন।

চিঠিতে আরও বলা হয়, ডিসিরা সাধারণত রিটার্নিং কর্মকর্তা হিসেবে নির্বাচনে দায়িত্ব পালন করে থাকেন এবং নির্বাচনের সময় জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে আইন–শৃঙ্খলা রক্ষায় দায়িত্ব পালন করে থাকেন। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। জাতীয় সংসদ নির্বাচনে প্রশাসনের কর্মকর্তাকে পক্ষপাতহীন নিরপেক্ষ আচরণ করতে হবে। এটি সংবিধান ও সংশ্লিষ্ট সকল আইনের অর্থ ও অন্তর্নিহিত চেতনা।

চিঠিতে ইসি জানায়, সংবিধানের ১২০ ও ১২৬ নম্বর অনুচ্ছেদ এবং গণপ্রতিনিধিত্ব আদেশের ৫ ও ৯১ (গ) নম্বর অনুচ্ছেদসহ আরও বিভিন্ন আইন ও ধারায় এ বিষয়টি সুষ্পষ্ট। ডিসিদের এ ধরনের আচরণ থেকে বিরত থাকতে সতর্কবার্তা দেওয়া প্রয়োজন বলেও ইসির চিঠিতে উল্লেখ করা হয়।

এর আগে গত সোমবার জামালপুরের মাদারগঞ্জে পৌরভবনের উদ্বোধনী অনুষ্ঠানে ক্ষমতাসীন আওয়ামী লীগকে আবারও নির্বাচিত করার আহ্বান জানান জামালপুরের জেলা প্রশাসক মো. ইমরান আহমেদ।

 

এসএ/দীপ্ত নিউজ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More