বুধবার, এপ্রিল ১, ২০২৬
বুধবার, এপ্রিল ১, ২০২৬

চুয়াডাঙ্গায় বইছে মৃদু তাপপ্রবাহ, ৩৬ ডিগ্রি তাপমাত্রায় গলছে সড়কের পিচ

Avatar photoদীপ্ত নিউজ ডেস্ক

চুয়াডাঙ্গায় ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। জেলায় তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় জনজীবনে নেমে এসেছে অস্বস্তি। তীব্র গরমে জেলার বিভিন্ন সড়কে পিচ গলে পড়ার চিত্র দেখা গেছে। যা সাধারণ মানুষ ও যানচালকদের দুর্ভোগ আরও বাড়িয়ে তুলেছে।

বুধবার (১ এপ্রিল) বিকেলে জেলায় সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ৩৬ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এ সময় বাতাসের আর্দ্রতা ছিল ৩৮ শতাংশ। কয়েকদিন ধরে বৃষ্টি না থাকায় গরমের তীব্রতা বেড়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

হঠাৎ তাপমাত্রা বৃদ্ধিতে সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন খেটেখাওয়া মানুষ ও মোটরসাইকেল চালকরা। বিশেষ করে জেলার বিভিন্ন পেট্রোল পাম্পে দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকতে হওয়ায় তাদের দুর্ভোগ চরমে পৌঁছেছে।

সরেজমিনে দেখা যায়, চুয়াডাঙ্গা পৌরসভা এলাকার বিভিন্ন সড়কে জায়গায় জায়গায় পিচ গলে নরম হয়ে গেছে। যানবাহন চলাচলের সময় সেই পিচ গাড়ির টায়ারে লেগে যাচ্ছে, ফলে চলাচলেও সৃষ্টি হচ্ছে ঝুঁকি।

শহরের বাসিন্দা সাইফুল ইসলাম বলেন, চুয়াডাঙ্গায় গরম সব সময়ই বেশি থাকে, তবে এবার মৌসুম শুরু হওয়ার আগেই তীব্রতা বেড়ে গেছে। রাস্তায় বের হলেই তাপ সহ্য করা কঠিন হয়ে পড়ছে।

একজন ইজিবাইক চালক জানান, প্রচণ্ড রোদ ও গরমে গাড়ি চালানো কষ্টকর হয়ে উঠেছে। একই কথা জানান মোটরসাইকেল চালক রবিউল ইসলাম ও সুমন হোসেন। তারা বলেন, ঘণ্টার পর ঘণ্টা লাইনে দাঁড়িয়ে তেল নিতে গিয়ে গরমে শারীরিকভাবে দুর্বল হয়ে পড়ছেন।

এদিকে দিনমজুরদের অবস্থাও করুণ। তীব্র রোদে কাজ করতে গিয়ে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন।

চুয়াডাঙ্গা আবহাওয়া পর্যবেক্ষণাগারের সিনিয়র পর্যবেক্ষক সাইদুর রহমান বলেন, চলতি মৌসুমে প্রথমবারের মতো তাপমাত্রা ৩৬ ডিগ্রি অতিক্রম করেছে। বর্তমানে জেলার ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আগামী কয়েকদিন অব্যাহত থাকতে পারে।

হুসাইন মালিক/এজে/দীপ্ত সংবাদ

আরও পড়ুন

This website uses cookies to improve your experience. We'll assume you're ok with this, but you can opt-out if you wish. Accept Read More