চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ইটবোঝাই ট্রলি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গিয়ে আব্দুস সামাদ (৩০) নামের এক চালক নিহত হয়েছেন। এ ঘটনায় নিহতের ছোট ভাই সারোয়ার হোসেন গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৮ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে চাঁপাইনবাবগঞ্জ–সোনামসজিদ মহাসড়কের হরিনগর এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সকালে চাঁপাইনবাবগঞ্জ শহর থেকে ইট নিয়ে ট্রলিটি শিবগঞ্জের দিকে যাচ্ছিল। পথে হরিনগর এলাকায় পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান, ফলে ট্রলিটি সড়কের ওপর উল্টে যায়। এতে ঘটনাস্থলেই প্রাণ হারান চালক আব্দুস সামাদ। স্থানীয়রা আহত সারোয়ারকে উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে পাঠায়।
দুর্ঘটনার বিষয়ে শিবগঞ্জ থানার উপ–পরিদর্শক (এসআই) ডিকে তনয় কুমার জানান, ইটবোঝাই ট্রলিটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ঘটনাস্থলেই চালক মারা যান। আমরা মরদেহ উদ্ধার করেছি এবং আহত ব্যক্তিকে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
বর্তমানে দুর্ঘটনাকবলিত ট্রলিটি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করেছে পুলিশ। ঘটনার পর এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।