চট্টগ্রামের টেরিবাজারের একটি বহুতল ভবনে অগ্নিকাণ্ডে দুই জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (১৯ মার্চ) বেলা ১১টা ৫০ মিনিটে ধোঁয়ায় আহতদের চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাদের মৃত ঘোষণা করেন। নিহতরা হলেন- মোহাম্মদ ইউনুস ও সোলায়মান। দুজনেরই বাড়ি চট্টগ্রামের পটিয়ায়।
চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম জানান, আগুন লাগার ফলে সৃষ্ট ধোঁয়ার কারণে তিনজন অসুস্থ হয়ে পড়েন। আহত তিন জনকে হাসপাতালে আনা হলে এর মধ্যে দুজনকে মৃত ঘোষণা করা হয়।
এদিন সকাল ১০টার দিকে নগরীর টেরিবাজারের বক্সির বিটের কাছে অর্কিড প্লাজা নামে ১২ তলা ভবনের চতুর্থ তলায় একটি দোকানে আগুন লাগার সংবাদ পায় ফায়ার সার্ভিস। আগুনে ধোঁয়ায় অসুস্থ হয়ে পড়া তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়। ফায়ার সার্ভিসের চারটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে বেলা ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন।
ফায়ার সার্ভিসের উপ সহকারী পরিচালক অতীশ চাকমা বলেন, আগুনে অর্কিড প্লাজার চতুর্থ তলার টেইলারিং শপ, কাপড়ের দোকানসহ মোট সাতটি দোকান পুড়ে গেছে।ওই বহুতল ভবনের বিভিন্ন তলায় তৈরি পোশাক, টেইলারিং শপ, কাপড়সহ বিভিন্ন দোকান রয়েছে।
তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানাতে পারেন নি তিনি।